

ঐতিহাসিক জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে শহীদ আবু সাঈদসহ আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি দলটির ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ।
দোয়া মাহফিলে নেতারা বলেন, গণ–অভ্যুত্থানের দুই বছর পার হতে চললেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আগ্রহ দেখা যাচ্ছে না।
তাদের দাবি, সংবিধান সংশোধনের জন্য সংসদে বিশেষ কমিটি গঠন করে জুলাইয়ের চেতনাকে ভূলুণ্ঠিত করা হলো।
নেতারা আরও বলেন, আংশিক সংশোধনের পরিবর্তে সংবিধানের সামগ্রিক সংস্কারের লক্ষ্যে জনগণ গণভোটে জুলাই সনদের ‘হ্যা’ পক্ষে মত দিয়েছে। আমরা গণভোটের আলোকে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে একটি পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবি জানাচ্ছি। জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে সরকারি দলেরও এটা নৈতিক দায়িত্ব।
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।
এ ছাড়া কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, মহানগর দক্ষিণের সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম এবং ছাত্র মজলিস মহানগর দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।