

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর দ্য হিন্দু ও ইউরো নিউজের।
স্থানীয় সময় বেলা ১১টা ৩১ মিনিটে (০২:৩১ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে এবং এটি উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পের সময় টারনেট শহরের বাসিন্দা উমর আব্বাস এএফপিকে বলেন, আমি রাস্তার পাশের একটি কফির দোকানে বসে কফি খাচ্ছিলাম। হঠাৎ আমার চেয়ার দুলতে শুরু করে। কিছুক্ষণের জন্য আমি আতঙ্কিত হয়ে পড়ি, কারণ আগের ভূমিকম্পগুলোর স্মৃতি এখনো আমাকে ভীত করে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বেএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া এবং এর আশপাশের দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। এই অঞ্চলটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত একটি উচ্চ ভূকম্পনপ্রবণ এলাকা।