

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ভার অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে ২ হাজার ৫৫০ হেক্টর (প্রায় ৬ হাজার ৩০১ একর) বনভূমি পুড়ে গেছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভার ডিপার্টমেন্টাল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং নতুন করে বড় ধরনের বিস্তারের আশঙ্কা নেই। তবে বিভিন্ন স্থানে এখনও আগুনের ছোট ছোট উৎস (হটস্পট) রয়ে গেছে।
দাবানলে পন্তেভেস কমিউনের দুটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগে ওই এলাকায় প্রায় ১০টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারের পাঁচটি পৌর এলাকা থেকে প্রায় ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে আগুনের কারণে প্রায় ২ হাজার ৩০০ পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে কোটিনিয়াক এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনে কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।