

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করে সরকার গেজেট প্রকাশ করেছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত প্রকাশিত গেজেটে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অংশ নিয়ে মীরবাড়ী ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে।
মীর বাড়ি হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বেতগাড়িতে অবস্থিত গ্রামের বাড়ির নাম। সে নামেই নতুন ইউনিয়নটির নামকরণ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, উপজেলার ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ি, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ ১৫টি মৌজা নিয়ে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। নতুন এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
একই সঙ্গে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং নতুন ইউনিয়ন গঠনের কারণে বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়নও পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত ইউনিয়নগুলোর মধ্যে বিহার ইউনিয়ন পরিষদ সংসারদিঘী, দোবিলা, সোলাগাড়ী, নারায়ণশহর, ধামাহার, ভাসুবিহার, পারলক্ষিপুর, পনরটিকা, বিহার ও আলীগ্রামসহ মোট ১০টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২১ হাজার ২১ জন।
বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নিশ্চিতপুর, কাটলাল, ছাতড়া, বিলহামলা, পঞ্চদাস, খাদইল, চকঝিনাহার, রাজারগাড়ি, জামুর, কামতারা, বড়াইল, দক্ষিণ বেলাই, ত্রিলোচন ও বেলভুজার ১৪টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২৩ হাজার ১৩ জন।
রায়নগর ইউনিয়ন পরিষদ রায়নগর, দক্ষিণ কৃষ্ণপুর, করতকোলা, সুদামপুর, চন্ডিজান, নিমারপাড়া, চন্ডিহারা, অনন্তবালা, নাগরকান্দি, মহাস্থানগড়, কাজীপুর, ঘাগুরদুয়ার, দৌলতপুর, দক্ষিণ শ্যামপুর, সেকেন্দ্রাবাদ ও হাজরাবাড়িসহ মোট ১৬টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ৩০ হাজার ৭৫১ জন।
কিচক ইউনিয়ন পরিষদ শালদহ, সোলাগাড়ী, আউশগাঁও, মহিষট্ট, চিলইল, ধারিয়া, গাংগইট, কারুন্ডা, উত্তর বেলাই, আপশন, পালিহার, কিচক, মাদারগাছি, গাড়িয়ারপাড়া, খামটা, পাতাইর, মাটিয়ান ও চল্লিশছত্রসহ মোট ১৮টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২৮ হাজার ৪৬৯ জন।
আটমুল ইউনিয়ন পরিষদ সাদুরিয়া, পুটখুর কাটগড়া, বড় বেলঘড়িয়া, পরমান্দপুর, কুড়াহার, আতাহার, নান্দুরা, আটমুল ও জগদিশ— এই ৯টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। গেজেটে মোট ১০টি মৌজার উল্লেখ রয়েছে। এ ইউনিয়নের জনসংখ্যা ২০ হাজার ৪২৩ জন।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারি গেজেট অনুযায়ী, নতুন ইউনিয়ন গঠন ও ইউনিয়নগুলোর পুনর্গঠনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন।