

সাম্প্রতিক মার্কিন হামলাকে ‘ইসলামাবাদ সমঝোতার’ লঙ্ঘন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরাঘচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে।
এদিকে মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরানের হামলা অব্যাহত থাকলে চলমান সামরিক উত্তেজনা আরও এক-দুই দিন থেকে এক মাস পর্যন্তও গড়াতে পারে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত দুই দিনে তারা ইরানের ১৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।