

ওমানের ভূখণ্ডে ড্রোন হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ওমান। এসময় রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় দেশটির সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতিতে এবারই প্রথম কোন ইরানি রাষ্ট্রদূতকে তলব করল দেশটি।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুসা ফেরেইদুনকে তলব করা হয়। এ সময় তাকে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। এতে ওমানের মুসানদাম ও আল বাতিনাহ গভর্নরেটে ইরানি ড্রোন হামলার অভিযোগের বিষয়ে আপত্তি জানানো হয়। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে ওমানের কর্মকর্তারা এসব ‘দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে’ গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, প্রতিবেশীসুলভ আচরণ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং দুই দেশের জনগণের মধ্যে প্রচলিত নৈতিক মূল্যবোধ ও রীতিনীতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
ওমান বলেছে, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও পারস্পরিক সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা জরুরি।
এর আগে, ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানায় দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটির দুক্ম শহর এবং মুসানদামে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
নাগরিকদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘আপনি যদি দুক্ম বা মুসানদামে অবস্থান করেন, তাহলে সম্ভব হলে আপনার বাসা, হোটেল বা অন্যকোনো নিরাপদ ভবনের ভেতরে থাকুন। কক্ষের জানালা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন’।