

পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর জেলার পানওয়ান অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডের একটি ক্যাম্পে হামলা হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) দাবি, শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যায় চালানো ওই হামলায় ৩০ জনের বেশি পাকিস্তানি নিরাপত্তা সদস্য নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর দ্য বেলুচিস্তান পোস্টের।
বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে বলেন, সংগঠনটির মাজিদ ব্রিগেডের সদস্য আতা উল্লাহ বেলুচ ওরফে আজমল বিস্ফোরকবোঝাই একটি ট্রাক ক্যাম্পে ঢুকিয়ে বিস্ফোরণ ঘটান। বিবৃতিতে দাবি করা হয়, ‘শক্তিশালী ওই বিস্ফোরণে কোস্ট গার্ডসের সুরক্ষিত ক্যাম্পটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।’
সংগঠনটির গণমাধ্যম শাখা ‘হাক্কাল’ ৪৩ সেকেন্ডের একটি ভিডিওও প্রকাশ করেছে। সেখানে একটি ট্রাককে ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে এবং কিছুক্ষণ পর শক্তিশালী বিস্ফোরণ ঘটতে দেখা যায়। বিস্ফোরণের পর ধারণ করা দৃশ্যে ক্যাম্পের বড় একটি অংশ ধ্বংস হয়ে যেতে দেখা গেছে।
বিএলএ আরও দাবি করেছে, বিস্ফোরণের পর তাদের ‘ফাতেহ স্কোয়াড’-এর সদস্যরা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত ক্যাম্পে হামলা চালায় এবং বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া সদস্যদের লক্ষ্য করে আক্রমণ করে।
বিএলএর মতে, আহত ও ধ্বংসস্তূপে আটকে পড়া সদস্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংগঠনটি জানিয়েছে, শিগগিরই তাদের আনুষ্ঠানিক মাধ্যমে এ হামলা নিয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হবে। একই সঙ্গে ‘বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতা’ অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একইভাবে হামলা অব্যাহত থাকবে বলেও দাবি করেছে।