

ইসরায়েল আমার কথামতো চলে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশই স্বাধীন ও গর্বিত রাষ্ট্র, যারা নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়।
জেরুজালেম নিউজ সিন্ডিকেটের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প আমার সব কথা শোনেন। আবার ইসরায়েলে বলা হয় আমি ট্রাম্প যা চান তাই করি। বাস্তবে কোনোটিই সত্য নয়।
তিনি বলেন, আমরা স্বাধীন ও গর্বিত দেশের নেতা। আমরা আমাদের নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করি। আমি ইসরায়েলের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য কাজ করি। অনেক বিষয়ে আমাদের মতের মিল থাকে, আবার কিছু বিষয়ে ভিন্নমতও থাকে। তবে আমরা একে অপরের সার্বভৌমত্ব, নেতৃত্ব ও জনগণের প্রতি অঙ্গীকারকে সম্মান করি।
এর আগে শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে। লেবাননে নতুন করে হামলা ঠেকাতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, পারব। তারা আমাকে অনেক সম্মান করে এবং আমার কথামতোই চলে।
ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে তাকে কিছুটা সংযত রাখার প্রয়োজন হয়। একই সঙ্গে তিনি দাবি করেন, তার সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না।
এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে টানাপড়েনও প্রকাশ্যে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলি মন্ত্রিসভার কিছু সদস্যের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত নয়।
ভ্যান্স বলেন, আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভার সদস্য হতাম, তাহলে বিশ্বের একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করতাম না।
সূত্র : দ্য জেরুজালেম পোস্ট