

তুরস্ককে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ সরবরাহ করা নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র তুরস্ককে আবারও অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে আনতে প্রস্তুত বলছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তুরস্কের হাতে এ ধরনের অস্ত্র গেলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নষ্ট হবে।
নেতানিয়াহু বলেন, তুরস্ক বর্তমানে এমন একটি সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যা মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত এবং ইসরায়েলের প্রতি প্রকাশ্য বৈরিতা দেখিয়ে আসছে।
তিনি বলেন, তাদের এফ-৩৫ বা যুদ্ধবিমানের ইঞ্জিন দেওয়া উচিত নয়।
নেতানিয়াহুর অভিযোগ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের হুমকি দিয়েছেন এবং সাইপ্রাসের একটি অংশ দখল করে রেখেছেন।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে সাতশ মিলিয়ন ডলারের বেশি মূল্যের যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে। এছাড়া তুরস্ককে আবারও এফ-৩৫ কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।
তবে নেতানিয়াহুর মতে, এমন সিদ্ধান্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যে কৌশলগত সুবিধা রয়েছে, তা দুর্বল করে দিতে পারে এবং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে।
২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন আইন অনুযায়ী, এস-৪০০ ব্যবস্থা বহাল রেখে এফ-৩৫ কর্মসূচিতে ফিরতে পারবে না তুরস্ক।
সূত্র : দ্য জেরুজালেম পোস্ট