কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

দোয়া-ভালোবাসা নিয়ে লন্ডনের পথে খালেদা জিয়া, রেখে গেলেন প্রশ্ন

পথে পথে ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা
দোয়া-ভালোবাসা নিয়ে লন্ডনের পথে খালেদা জিয়া, রেখে গেলেন প্রশ্ন

দেশের মানুষের দোয়া নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, রেখে গেলেন প্রশ্ন। গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামে আপসহীন থেকে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে দলের শীর্ষনেতাদের যদিও বলেছেন, গণতন্ত্রই শেষ কথা, কিন্তু যাওয়ার প্রাক্কালে জাতির উদ্দেশে কোনো বার্তা বা দিকনির্দেশনা দিয়ে যাননি।

দীর্ঘদিন ধরেই বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন রয়েছেন। এখন খালেদা জিয়াও লন্ডন গেলেন। ফলে দেশে দলীয় নেতৃত্ব কেমন হবে, ছেলে তারেক রহমানের সঙ্গে আগামী নির্বাচন বিষয়ে আলোচনা হবে কি না, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা। কিংবা অতি সম্প্রতি শিক্ষার্থীরা নতুন দল গঠনের যে কথা বলেছেন, সে নিয়ে বিএনপির উদ্বেগ নিরসন হবে কীভাবে—এসব বিষয় সামনে আসছে। তবে বিএনপি নেতারা বলছেন, তারা এসব নিয়ে উদ্বিগ্ন নন। তারা আশা করছেন, চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন এবং দল ও দেশকে নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে। দেশে ফিরে এসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, তারেক রহমানের দেশে ফেরার মতো উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। পরিবেশ তৈরি হলে শিগগির তিনি দেশে ফিরবেন। এ অবস্থায় খালেদা জিয়াও দেশ ছাড়লেন। এখন দেশে প্রধান দুই নেতার শূন্যতা দলের মধ্যে কী প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ আছে দলটির অনেকেরই মধ্যেই।

সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকার নিয়ে নানা কৌতূহল, নানা প্রশ্নের ডালপালা মেলেছে। তবে ওই সাক্ষাতের মধ্যে নেতিবাচক কিছু খুঁজে পাননি বিএনপির নীতিনির্ধারকরা। বরং ছাত্রনেতাদের নিয়ে রাজনৈতিক দল গঠন, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে বিএনপির মধ্যে যে সন্দেহ-সংশয় দেখা দিয়েছিল, সেই প্রেক্ষাপটে সেনাপ্রধানের সাক্ষাৎকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বিএনপি।

গতকাল খালেদা জিয়াকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনে, মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে ছয় বছর আটক করে রাখা হয়েছিল। এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমরা বারবার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে অনুরোধ করেছিলাম, উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথায় কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে খালেদা জিয়া মিথ্যা মামলা থেকে মুক্ত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি, সুচিকিৎসা করে খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।

মির্জা ফখরুল আরও বলেন, যাওয়ার সময় খালেদা জিয়া গণমাধ্যমের মাধ্যমে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া তিনিও (খালেদা জিয়া) এই দোয়া করেছেন, আল্লাহতায়ালা যেন এই দেশ এবং দেশবাসীকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। বিএনপি চেয়ারপারসন আমাদের এ-ও বলেছেন, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ধারণ করি।

রাত সাড়ে ১১টায় উড়ল খালেদা জিয়ার বিমান: রাত সাড়ে ১১টার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহন করা কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি’। এর আগে রাত সোয়া ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশে সাদা রঙের একটি গাড়িতে করে রওনা দেন তিনি। গাড়িতে তার পাশে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। বিএনপিপ্রধানকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন হাজার হাজার নেতাকর্মী।

এর আগে ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের সহধর্মিণী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়-স্বজনরা বিদায় জানান। ফিরোজা থেকে রওনা হওয়ার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার পাশাপাশি কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়ার গাড়িবহরকে গুলশানের বাসা থেকে এসকর্ট দিয়ে বিমানবন্দরে পৌঁছে দেন।

এদিকে, দীর্ঘদিন পর খালেদা জিয়াকে একনজর দেখতে এবং তাকে বিদায় শুভেচ্ছা জানাতে পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে দীর্ঘ সময় ধরে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানান। গাড়ির ভেতর থেকে কখনো শামিলা রহমান সিঁথি, আবার মাঝেমধ্যে খালেদা জিয়া হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। রাস্তাজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে অত্যন্ত ধীরে চলে গাড়িবহর। সে কারণে নির্ধারিত সময়ের পরে রাত ১০টা ৫০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এরপর বিমানবন্দরের অল্প কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই এয়ার অ্যাম্বুলেন্স সোমবারই ঢাকায় এসেছে, সেটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছিল। বিমানবন্দরে দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে বিদায় জানান।

কাতারের রাজধানী দোহায় কিছু সময় যাত্রাবিরতি দিয়ে আজ বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হবে। সেখানকার চিকিৎসকরাই তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন।

এদিকে, বিদেশযাত্রার প্রাক্কালে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিকেল থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। একপর্যায়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তৈরি হয়। সেইসঙ্গে গণমাধ্যমকর্মীরাও ভিড় জমান। সন্ধ্যার পর দেখা যায়, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর ছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গেটের সামনে থাকা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়িয়ে থাকুন। এ সময় রাস্তা ফাঁকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে গত কয়েক বছর থেকে চেষ্টা চালাচ্ছেন তার পরিবারের সদস্যরা ও বিএনপি। কিন্তু বিদেশ যাওয়ার পথ সুগম হয়নি। তবে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পাঁচ মাস বাদে সেই পথ সুগম হয়। প্রাথমিক পরিকল্পনায় তার লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলা হলেও এখন যুক্তরাজ্যের হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নেওয়াই চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল টিম। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকেরও লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে।

সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন। প্রায় তিন মাসের বেশি সময় পর ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও হৃদরোগ, কিডনি, আর্থ্রাইটিসসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন।

সঙ্গে যাচ্ছেন কারা: লন্ডনের পথে খালেদা জিয়ার সঙ্গে বিশেষ উড়োজাহাজে তার পুত্রবধূ ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি রয়েছেন। সঙ্গে রয়েছেন চারজন চিকিৎসক ও প্যারামেডিক্স। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও গেছেন তার সঙ্গে। তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন। রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী বলেন, ‘বিমানটিতে সর্বাধুনিক চিকিৎসা সুবিধার যন্ত্রপাতি, মেসিনারি ও ল্যাবরেটরিও আছে।’

মা-ছেলের পুনর্মিলনের অপেক্ষা: লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হিথ্রো বিমানবন্দরে থাকবেন। যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সেখানে থাকবেন। এর মধ্য দিয়ে প্রায় সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা হবে। এ ছাড়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। খালেদা জিয়ার সঙ্গে ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি লন্ডন যাচ্ছেন। তবে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও লন্ডনে আছেন। তাই লন্ডনে পুরো জিয়া পরিবারের সবাইকে এক ফ্রেমে দেখা যাবে। এদিকে, যাত্রাপথে কাতারে এক ঘণ্টার বিরতি (এয়ার অ্যাম্বুলেন্সে জ্বালানি নেওয়া) থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক কালবেলাকে বলেন, ‘আমরা ম্যাডামকে বরণ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু ম্যাডামের স্বাস্থ্যগত বিষয় চিন্তা করে বিমানবন্দরে যাতে লোকজন জড়ো না হন, সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের লিডার (তারেক রহমান) বিষয়টি সরাসরি দেখভাল করছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১০

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১১

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১২

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৩

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

১৪

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

১৫

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

১৬

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

১৮

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

১৯

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

২০
X