

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সামনে রেখে কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, পেট্রোল বোমা নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটছে নানা নাশকতা ও সহিংসতা। সব মিলিয়ে আজ বৃহস্পতিবারের এই লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীবাসীর মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তা। জনমনে তৈরি হওয়া এই অনিশ্চয়তার মধ্যে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বুধবার ও আজ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর গত মঙ্গলবার রাত থেকে রাজধানীর এই উত্তাপ ছড়িয়ে পড়েছে গাজীপুর, মানিকগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলায়ও। এসব জেলার বিভিন্ন সড়কে যানবাহনে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ বা ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির মতো বিভিন্ন ঘটনা ঘটছে একের পর এক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থা। এমন প্রেক্ষাপটের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণার পরপরই সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি এসবের নেপথ্যে যারা ভূমিকা রাখছে, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি প্রসঙ্গে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছিলেন, ১৩ নভেম্বর ঘিরে আতঙ্কের কিছু নেই, ভয়েরও কোনো কারণ নেই।
এই লকডাউন কর্মসূচি সামনে রেখে এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, দুটি মোটরসাইকেলে চারজন এসে প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি পাক দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। মোটরসাইকেল দুটির চালকের মাথায় হেলমেট, বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ছিল টুপি। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে দুটি বোমা স্কুল লক্ষ্য করে ছুড়ে মারে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
গতকাল দুপুর সাড়ে ১২টার পরপর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ এবং স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।
এদিন, রাজধানীর রমনা থানার সামনে রমনা থানা পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে এ আগুন লাগে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি বলে ভাষ্য পুলিশের। রমনা মডেল থানার ওসি গোলাম ফারুক বলেন, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহত নেই।
পরে সন্ধ্যায় রাজধানীর দোলাইরপাড়ে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পান তারা। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাতে তেজগাঁও রেলস্টেশনের বাইরে পরিত্যক্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের বগিতে আগুনের এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, ‘স্টেশনের কাছে আউট লাইনে পরিত্যক্ত একটি বগিতে কে বা কারা আগুন দেয়। তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা হয়।’
কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সামনের সড়কে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে আহত হন পথচারী জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল। রাত পৌনে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে জাহাঙ্গীর জানান, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার তার পিঠে লাগে।
তার আগে রাত ৮টার দিকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে বিস্ফোরণ ঘটে আরও দুটি ককটেলের। কাছাকাছি সময়ে ঝিগাতলার রাইফেলস স্কয়ারের সামনে কয়েকটি ককটেলসহ আটক হয় ইয়াছিন নামে পিরোজপুরের এক যুবক। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ওই যুবককে আটকের পর ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
এর আগে সন্ধ্যা ৭টায় র্যাব-২-এর অভিযানে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল।
লকডাউন কর্মসূচি ঘিরে মঙ্গলবার গভীর রাতে ঢাবির অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তালা লাগানোর ঘটনাগুলো ঘটে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে। এসব ঘটনায় পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়। সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে। অন্যদিকে রাজধানীর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।
তার আগে মঙ্গলবার রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুর ইউনিয়নের আমতলী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি। শাখাটির ব্যবস্থাপক (ম্যানেজার) কলিম উদ্দিন জানান, কাঠের লাকড়ির মাথায় পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তা নেভায়।
গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল ভোর সাড়ে ৪টায় বাসন থানার ভোগড়া বাইপাস এলাকার পেয়ারা বাগান সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পার্ক করে রাখা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির আসন ও জানালা পুড়ে যায়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই রাতে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে দুর্বৃত্তরা আগুন দেয়। রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এতে বাসটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়।
আর শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। এ তিনটি ঘটনাতেই বাসগুলো সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার পরপরই স্থানীয় প্রশাসন ঘটনাস্থলগুলো ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।
আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হন। ভোর পৌনে ৫টায় আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মানিকগঞ্জে চলন্ত পিকআপভ্যান থেকে ককটেল ছুড়ে মারা হয়। গতকাল রাত সাড়ে ৮টার দিকে শহরের প্রবেশমুখে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
তবে ঢাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আতঙ্কের মধ্যেই দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপু জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দোকান খোলা রাখতে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। (প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন মানিকগঞ্জ প্রতিনিধি ও গাজীপুর সংবাদদাতা)।