

নীল!
তুমি কি শুধুই একটি বর্ণ
নাকি একটি আত্মবিশ্বাসী রঙের নাম
তাহলে কি শুধুই নীলিমা
নাকি দূর আকাশের দৃষ্টির সীমানা।
নীল!
তুমি কি সেই ফুল
নীলপদ্ম-নীলকমল-নীলোৎপল
নাকি মহামায়া সেই বৃক্ষ
শেফালিকা-নীলিকা-নীলাম্বরী।
নীল!
তুমি কি সেই সাগর
নীলনদ-নীলাম্বু-নীলাজল
নাকি সেই পর্বতকুঞ্জ
নীলাদ্রি-নীলগিরি-নীলাচল।
নীল!
তুমি কি সে-ই দেবী পার্বতী
ইন্দ্রনীল-নীলরত্ন-নীলাবতী
তুমিতো সে-ই যে কিনা
আমার প্রেম সারথীর চম্পাবতী।
নীল!
তুমি নীলকণ্ঠি পাখি নীলকান্ত
তোমায় পেয়ে এ মন হয়েছে শান্ত।
তুমি সেই রত্নপাথর নীলকান্তমণি
আমার ভালোলাগার মন-মোহিনী।
নীল আমার ভালোবাসার নীলাঞ্জনা,
নীল আমার বেঁচে থাকার অনুপ্রেরণা,
নীল তুমি প্রেমের স্মৃতিকাতর নীলকাব্য,
আমি নীলের নীলাভ চোখে দেখি ব্রহ্মাণ্ড,
আমি নীলের নীলয়ে বেঁধেছি নিকেতন,
নীল-নীলু-নীলা আমার প্রেয়সীর আখ্যান।