আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

নারী ও সংখ্যালঘুদের প্রাধান্য দিল এনসিপি

১২৫ আসনে প্রার্থী ঘোষণা
নারী ও সংখ্যালঘুদের প্রাধান্য দিল এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন মনোনয়ন ঘোষণা করেন। এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দল।

ঘোষিত মনোনয়ন তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ১৪ জন নারী নেত্রী দলটি থেকে মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া অন্তত সাতজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন, যা তুলনামূলকভাবে বিএনপি এবং জামায়াতের চেয়ে বেশি। ‘চমক’ হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের। এ ছাড়া গণঅভ্যুত্থানে মুখ হারানো খোকন চন্দ্র বর্মণ ও শহীদ সাজিদের পরিবারের সদস্য সাইদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দলটি। তাদের মধ্যে খোকন শেরপুর-২ এবং সাইদুল টাঙ্গাইল-১ আসন থেকে নির্বাচন করবেন। তবে তালিকায় নাম নেই জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশাচালক মোহাম্মদ সুজনের। এর আগ গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সুজন। প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি।

নারী প্রার্থীদের মধ্যে ঢাকা-৯ আসনে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে আরেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন, ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইশরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা মনোনয়ন পেয়েছেন। তবে আলোচিত দুই নারী নেত্রী প্রথম ধাপের প্রার্থী তালিকায় স্থান পাননি। তাদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা-১৩ এবং যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-৫ থেকে মনোনয়ন চেয়েছিলেন।

এনসিপির ১২৫ জনের মনোনয়ন তালিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন সাতজন। তারা হলেন নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র, শেরপুর-২ আসনে খোকন চন্দ্র বর্মণ, গোপালগঞ্জ-১ আসনে প্রলয় কুমার পাল, মৌলভীবাজার-৪-এ প্রীতম দাশ, রাঙামাটিতে প্রিয় চাকমা এবং বান্দরবানে মংসা প্রু চৌধুরী।

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দলটির প্রভাবশালী নেতা মনজুর কাদেরকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করেছে এনসিপি। এ খবর ছড়িয়ে পড়ায় মনজুর কাদেরের নির্বাচনী এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।

মনজুর কাদেরের মিডিয়া সেল সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মনজুর কাদের। জানিয়েছেন, এনসিপির হয়ে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মনজুর কাদের। শেষ পর্যন্ত বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয়। মনোনয়নবঞ্চিত হলেও নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন তার সমর্থকরা। অবশেষে এনসিপি মনজুর কাদেরকে মনোনয়ন দিল।

এনসিপির মনোনয়ন পেয়ে মনজুর কাদের বলেন, ‘বাংলাদেশের এই অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়েছি। আমি বিশ্বাস করি, এনসিপিই পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে।’

এ ছাড়া ময়মনসিংহ-৩ আসনে আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালার নাম ঘোষণা করা হয়। এর আগে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির এ যুগ্ম মহাসচিব। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কবি সেলিম বালা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত ৩ নভেম্বর ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির নির্বাহীর কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নাম ঘোষণা করে দলটি।

জানতে চাইলে কবি সেলিম বালা বলেন, ‘আমি মনোনয়ন পাইনি বলে দল থেকে পদত্যাগ করিনি। নীতি ও অবস্থানের দিক থেকে বিএনপি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে আমার আস্থা রাখার সুযোগ নেই। তাই দলের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি। এনসিপি আমাদের মতো তরুণ প্রার্থীদের দেশ ও জনসাধারণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছে বলেই নির্বাচনে যাচ্ছি। আশা করছি জয় নিয়ে ঘরে ফিরব।’

দলটির শীর্ষ দুজন নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৬ আসন থেকে প্রথম জাতীয় নির্বাচনটি করতে যাচ্ছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ এবং দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নরসিংদী-২ আসন থেকে নির্বাচন করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

ঘোষণার আগে এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলটি আসন্ন নির্বাচনে ‘ব্যালট বিপ্লব’ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি ভোটারদের আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ অপশনে ভোট দেওয়ার আহ্বান জানান এবং প্রার্থীদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশনা দেন।

পাটওয়ারী আরও বলেন, ‘যেসব ব্যক্তি তাদের নিজ নিজ দলে আর্থিক প্রভাবের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন, কিন্তু তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে, এনসিপি তাদের জন্যও উন্মুক্ত। প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি। দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী, কিন্তু সংস্কারের পক্ষে তাদের মনোনয়ন দেব। জামায়াতের যারা বিদ্রোহী তাদের মনোনয়ন দেব। মোট তিন ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’

নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রার্থী ঘোষণা শুরু করলেও ভোটে জেতাই নির্বাচনের মূল লক্ষ্য নয় বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল দুপুরে বাংলামটরে দলে অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় দেখছি, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধিবিধান লঙ্ঘন করেই নির্বাচনী প্রচারণার কাজ পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসছে। আমরা নির্বাচন কমিশনে বলে আসছি, প্রার্থীদের যেই খরচের হিসাব, সেটা যাতে যথাযথভাবে কমিশন যাচাই-বাছাই করে আদায় করে নেয়। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি-জামায়াত উভয় দল থেকে আমরা এ ধরনের সংস্কৃতি দেখছি।’

বিভিন্ন দলের মনোনয়ন প্রক্রিয়ার সমালোচনা করে নাহিদ বলেন, ‘বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে। ঋণখেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, এর ওপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে।’

বিপরীতে নিজেদের প্রার্থী তালিকা নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা বলেছিলাম যে, আমাদের এই মনোনয়ন তালিকাটা হবে অন্তর্ভুক্তিমূলক, সেখানে নারী-পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণি-পেশার সবকিছুর সমন্বয় আমরা করব।’ মনোনীত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রার্থিতা বাতিল হবে বলেও জানান নাহিদ।

আগামী নির্বাচনের তাৎপর্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “এবারের নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। বলা হচ্ছে, প্রার্থী দেখে ভোট দেবেন, নাকি মার্কা দেখে ভোট দেবেন। কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে ‘হ্যাঁ’ অথবা ‘না’, এ কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি।”

তিনি বলেন, ‘আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে, আমরা কয়টা সিট পাব বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি না, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাব, কি পাব না, সেটা বিবেচনায় রেখেও নির্বাচনে অংশগ্রহণ করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সঙ্গে চলে যেতাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X