

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের বিরুদ্ধে। বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গণমাধ্যমে অভিযোগ করেন, ‘পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।’ গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মনি সাংবাদিকদের জানান, প্রতিটি দলের মনোনয়ন ফরম গ্রহণে প্রায় এক ঘণ্টা সময় নেওয়া হলেও ইউএনওর কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলে তিনি ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করেন। এ সময় তিনি প্রায় আধা ঘণ্টা বাথরুমে অবস্থান করেন বলে অভিযোগ করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।
নুরুল ইসলাম মনি বলেন, বিকেলে আমিসহ পাঁচজন মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য ইউএনও কার্যালয়ে যাই। সেখানে তখন অপর একটি দলের প্রার্থীও উপস্থিত ছিলেন। তার কাজ শেষে ইউএনও বাথরুমে গিয়ে দীর্ঘ সময় কাটান। পরে বের হয়ে সময় শেষ বলে জানান। এতে আমার দলের নেতাকর্মীরা প্রতিবাদ করলে ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত রাখতে আমি নিজেই সবাইকে সেখান থেকে সরিয়ে দিই।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ইউএনও ইশরাত জাহানের উপস্থিতিতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউএনওর এমন আচরণের বিষয়টি আমি নির্বাচন কমিশনকে অবগত করেছি। ওই ঘটনা তাৎক্ষণিক ভিডিওকলের মাধ্যমে নির্বাচন কমিশনকে দেখানো হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে পাথরঘাটার ইউএনও ইশরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারও ফোন ধরেননি।
বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, এরকমটা (ইচ্ছাকৃত কালক্ষেপণ) হয়ে থাকলে জেলা প্রশাসক ও ইউএনওর সঙ্গে কথা বলতে বলেন তিনি। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি বিভাগীয় কমিশনার।