

লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘এই হামলা উচিত হয়নি’।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে যে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে, সেটি ছিল খুবই ছোট এবং তেমন কোনো গুরুত্ববহ ঘটনা নয়। এতে কেউ নিহত, আহত বা ক্ষতিগ্রস্ত হয়নি। এরচেয়ে গুরুত্বপূর্ণ চলমান প্রক্রিয়াকে এটি ব্যাহত করছে।’ খবর আল জাজিরার।
তিনি আরও জানান, একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি রয়েছে, যা লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে তিনি আশা করছেন।
ট্রাম্প বলেন, ‘লেবাননের কোথাও ইসরায়েলের আর কোনো হামলা হওয়া উচিত নয়। একইভাবে হিজবুল্লাহসহ অন্য কোনো পক্ষেরও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো উচিত নয়।’
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করে বলেন, ‘এই সুযোগ নষ্ট করা উচিত হবে না।’