

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা ছাড়া তিনি তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তারেক রহমান ও বিএনপির প্রশংসা করেন।
শুক্রবার বিকেলে এক্সে এক পোস্টে মোদি বলেন, তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।’
মোদি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি তিনি শুভকামনা ও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এর আগে সকালেও এক পোস্টে মোদি বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য শুভেচ্ছা জানান।
বিএনপির জয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও অভিনন্দন জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান।
ঢাকায় চীনা দূতাবাস ফেসবুকে এক বার্তায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেছে, সুষ্ঠু ও সফল নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। চীন নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা প্রকাশ করে।
ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে বলেছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’ তারা দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক্সে দেওয়া বার্তায় এই বিজয়কে গণতন্ত্রের বড় জয় হিসেবে উল্লেখ করেন। ভুটানের প্রধানমন্ত্রী তশেরিং তোবগে ফেসবুকে লিখেছেন, বিএনপির বিজয় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও দৃঢ় করবে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা আরও গভীর করতে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী।
ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক, ভাষাগত এবং সাংস্কৃতিক বন্ধন আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তার জোট দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই জয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় লন্ডনে অবস্থানের পর তার নেতৃত্বে বিএনপির এই সাফল্য দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।