

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক শিশুকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৩ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টার দিকে এক নারী তার ১৪ মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে বরিশাল থেকে ‘কর্ণফুলী-১০’ নামের যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দেন। দুপুর দেড়টার দিকে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে সংকটাপন্ন হয়ে পড়ে।
এ সময় শিশুটির মা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে কোস্ট গার্ডের গাড়িতে করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও নদীবন্দর এলাকায় জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।