রানা হাসান কানাডা থেকে
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
আজ রাত ৩টায় মুখোমুখি দুদল

ইংল্যান্ডের বিপক্ষে নির্ভার হলান্ডরা

ইংল্যান্ডের বিপক্ষে নির্ভার হলান্ডরা

নরওয়েকে এই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবে অনেকেই আগে থেকেই বিবেচনা করেছিলেন। তবে তাদের দুর্দান্ত অগ্রযাত্রা দেখলে মনে হচ্ছে, তারা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে সেনেগালকে পেছনে ফেলে রানার্সআপ হওয়ার পর নরওয়ে আইভরি কোস্ট ও ব্রাজিলকে বিদায় করেছে। পাঁচ ম্যাচে তারা মোট ১২টি গোল করেছে। এবার তাদের সামনে ইংল্যান্ড, যাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নরওয়ের আক্রমণভাগ এবং তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে থামানো।

তাহলে নরওয়ের সবচেয়ে বড় শক্তি কী? আর ইংল্যান্ডের কোচ থমাস টুখেল তার দলকে শেষ চারে তুলতে কী ধরনের কৌশলগত পরিবর্তন আনতে পারেন? প্রশ্নের উত্তর খোঁজার আগে স্বীকার করে নেওয়া যাক যে, নরওয়ের আক্রমণভাগে রয়েছে দারুণ বৈচিত্র্য। স্টালে সোলবাক্কেনের দল কখনো ধৈর্য ধরে বলের দখল নিজেদের কাছে রাখতে চায়, আবার সুযোগ পেলেই দ্রুতগতির পাল্টা আক্রমণেও সমান দক্ষ।

এই পুরো কৌশলের ভিত্তি তাদের ডিফেন্স থেকে আক্রমণ গড়ে তোলার পদ্ধতি। গোলকিক থেকে গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ডের বল বিতরণ ছিল অসাধারণ। নরওয়ের প্রথম পছন্দ থাকে ছোট ছোট পাসে খেলা শুরু করা। এ সময় চারজন ডিফেন্ডার ছড়িয়ে অবস্থান নেন, গোলরক্ষক হয়ে ওঠেন অতিরিক্ত পঞ্চম পাসিং অপশন এবং দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার মাঝমাঠে বল নেওয়ার জন্য নিজেদের উন্মুক্ত রাখেন। এভাবে অনেক খেলোয়াড়কে নিচের দিকে রেখে নরওয়ে নিজেদের অর্ধে সংখ্যাগত সুবিধা (ওভারলোড) তৈরি করে, যা তাদের সহজেই বল এগিয়ে নিতে সহায়তা করে। তবে ছোট পাসে খেলার সুযোগ না থাকলে নাইল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার আলেকজান্ডার সোরলোথ। ডান উইংয়ে ওয়াইড টার্গেটম্যান হিসেবে খেলানো হয় তাকে। নাইল্যান্ড তখন লম্বা তির্যক পাস (ডায়াগোনাল বল) পাঠান সোরলোথের দিকে, যা নরওয়ের অন্যতম পরিচিত আক্রমণাত্মক কৌশল। ডান প্রান্তে সোরলোথকে লক্ষ্য করে লম্বা বল পাঠানো—নরওয়ের ম্যাচে নজর রাখার মতো অন্যতম গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বাঁ-প্রান্তের ডিফেন্ডার নিকো ও’রাইলিকে বাড়তি সতর্ক থাকতে হবে। তবে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতা ও শক্তিশালী শারীরিক গঠনের কারণে সোরলোথের বিপক্ষে তিনি নরওয়ের আগের প্রতিপক্ষদের তুলনায় অনেক বেশি সমানে সমান লড়াই করতে পারবেন। তাহলে নরওয়ের এই বহুমাত্রিক বিল্ড-আপ কীভাবে থামানো যায়?

এর কয়েকটি উপায় রয়েছে, তবে প্রতিটি কৌশলেরই কিছু না কিছু ঝুঁকি বা সুবিধা থাকে—যেমনটা ফুটবলের প্রায় সব ট্যাকটিক্যাল পরিকল্পনাতেই দেখা যায়। সবচেয়ে সহজ সমাধান হতে পারে মাঠজুড়ে ম্যান-টু-ম্যান প্রেসিং। এর উদ্দেশ্য হলো নরওয়ের সংখ্যাগত সুবিধা নষ্ট করে দেওয়া। আর যদি নাইল্যান্ড বাধ্য হয়ে সোরলোথের দিকে লম্বা বল খেলেন, তাহলে আশা থাকবে যে সে’রাইলি শারীরিক লড়াইয়ে তাকে সামলাতে পারবেন।

কিন্তু এই কৌশলের বড় সমস্যা হলো, এতে মাঠের মাঝখানে আর্লিং হলান্ডকে প্রায় ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে রেখে দেওয়ার ঝুঁকি তৈরি হয়। এই কারণেই বেশিরভাগ কোচ সম্ভবত রক্ষণভাগে একজন অতিরিক্ত খেলোয়াড় (স্পেয়ার ম্যান) রাখতে চাইবেন, যাতে হলান্ডকে ঘিরে অন্তত দুজন ডিফেন্ডার অবস্থান নিতে পারেন। এই কৌশলের বিপক্ষে হলান্ড কি করবেন? বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে দেখাটা আর্লিং হলান্ডের কাছেও যেন কিছুটা অবিশ্বাস্য। নরওয়ের এই তারকা স্ট্রাইকার ইংরেজি দৈনিক গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন, তার দল এতদূর আসবে, এমনটা তিনিও পুরোপুরি আশা করেননি। হলান্ড বলেন, ‘সত্যি বলতে, নরওয়ের হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে পারাটা আমার কাছেও বেশ বিস্ময়কর।’ হলান্ডের কাছে ব্রাজিলকে হারানোর ঘটনাটিই যেন এখনো স্বপ্নের মতো। তিনি বলেন, ‘আমাদের নরওয়েজিয়ানদের জন্য ব্রাজিলের বিপক্ষে খেলাটাই ছিল একরকম পাগলাটে ব্যাপার। সেখানে ব্রাজিলকে হারিয়ে এখন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছি—এটা সত্যিই বিশেষ কিছু।’ নরওয়েতে সমর্থকদের উচ্ছ্বাসের কথাও মনে করিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন। ‘নরওয়ের দৃশ্যগুলো যদি দেখেন, তাহলে বুঝবেন, আমাদের জন্য এখানে আসাটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়।’ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হলান্ডের জন্য শুধু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত আবেগও। তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড যখন লিডস ইউনাইটেডে খেলতেন, তখন ইংল্যান্ডের লিডস শহরেই জন্ম হয়েছিল আর্লিং হলান্ডের। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ইংল্যান্ড দলে থাকা অনেক ফুটবলারই তার সতীর্থ কিংবা নিয়মিত প্রতিপক্ষ। হলান্ড বলেন, ‘অবশ্যই এটি বিশেষ একটি ম্যাচ। আমার জন্য এটি আরও বেশি বিশেষ, কারণ আমি ইংল্যান্ডে খেলি এবং আমার জন্মও ইংল্যান্ডে। পাশাপাশি সতীর্থ ও পরিচিত খেলোয়াড়দের বিপক্ষে খেলতে হবে।’ ম্যাচটিকে তিনি অন্যরকম কিছু বলতে চান না। বরং তার চোখে এটি মজার এবং আনন্দদায়ক এক উপলক্ষ। ‘এটা একটু… অদ্ভুত নয়, বরং মজার একটি ম্যাচ। আশা করছি, ম্যাচটি দারুণ হবে।’ নরওয়ে এখন নতুন ইতিহাস গড়া থেকে মাত্র এক ম্যাচ দূরে। আর সেই স্বপ্নযাত্রায় দলটির সবচেয়ে ভয়ংকর অস্ত্র হলান্ড। চার ম্যাচে সাত গোল করে তিনি এরই মধ্যে চলতি বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলার। তবে গোল, চাপ কিংবা প্রত্যাশার মধ্যে ডুবে যেতে চান না তিনি। বরং বিশ্বকাপের এই বিরল অভিজ্ঞতাকে প্রাণভরে উপভোগ করতে চান। হলান্ড বলেন, ‘প্রতিদিন ভালোভাবে অনুশীলন করা, মনোযোগ ধরে রাখা এবং ঠিকভাবে প্রস্তুতি নেওয়া আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে একই সঙ্গে মুহূর্তটিও উপভোগ করতে হবে। আমরা এখন সেটাই করছি।’ তার উপলব্ধি, ফুটবল ক্যারিয়ার কিংবা বিশ্বকাপের আনন্দ—কোনোটিই চিরস্থায়ী নয়। ‘আমরা যেহেতু বিশ্বকাপে খেলছি, তাই আমাদের এটি উপভোগ করতেই হবে। কোনো কিছুই চিরকাল থাকে না। এখানে যত দিন আছি, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে।’ ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নরওয়ের জন্য স্বস্তির খবর হলো, হলান্ডসহ দলের সব খেলোয়াড়ই সুস্থ আছেন। সপ্তাহের শুরুতে নরওয়ে শিবিরে অসুস্থতা ছড়িয়ে পড়ার খবর প্রকাশিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে জানা গেছে, বিষয়টি যতটা গুরুতর বলে প্রচার করা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি ততটা উদ্বেগজনক ছিল না। ফলে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার আশা করছে নরওয়ে। আর হলান্ডের ভাষায়, চাপ নয়—এই ঐতিহাসিক ম্যাচের আনন্দটাই উপভোগ করতে চায় তার দল। ইংল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া সেই আনন্দ যে সম্পূর্ণ হবে না, তা বলা বাহুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় অচল ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X