

যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ‘অপতৎপরতা’ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ থাকবে। বুধবার আলজাজিরার প্রতিবেদনে আইআরজিসির এ দাবি তুলে ধরা হয়
এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপরাধী জাহাজে হামলার’ অজুহাতে ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। তাদের দাবি, এটি মূলত নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা আড়াল করার চেষ্টা।
আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধ অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করেনি এবং কোনো জাহাজই যুক্তরাষ্ট্রকে সহায়তা দেয়নি। এ কারণে সেখানে কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে সংস্থাটি।
এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি বলেন, যুক্তরাষ্ট্র আগ্রাসী, কোনোভাবেই ভুক্তভোগী নয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে বুধবার আলজাজিরা জানায়, চিঠিতে ইরাভানি দাবি করেন, সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরের পরপরই ওয়াশিংটন তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অস্বীকৃতি জানায় এবং পরিকল্পিতভাবে ওই সমঝোতার বাস্তবায়ন বাধাগ্রস্ত করে।