

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা তাদের চলমান ‘সায়েকেহ’ অভিযানের অষ্টম ধাপ শুরু করেছে। এ পর্যায়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এ দাবির ভিত্তিতে বুধবার আলজাজিরা খবর প্রকাশ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান এবং বড় আকারের সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, ওই ঘাঁটিতে এটি তাদের দ্বিতীয় হামলা।
তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তেহরান।
এদিকে, এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। স্বাধীন সূত্র থেকেও ইরানের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেসব হামলার জন্য ইরানকেই দায়ী করা হচ্ছে।