কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনাকে থামাবে কে ইংল্যান্ড না ইতিহাস?

আর্জেন্টিনাকে থামাবে কে ইংল্যান্ড না ইতিহাস?

বিশ্বকাপের সেমিফাইনাল, প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ড—এমন একটি ম্যাচকে শুধু ৯০ মিনিটের ফুটবলে আটকে রাখা কঠিন। ১৯৬৬ সালের বিতর্কিত কোয়ার্টার ফাইনাল, ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, ১৯৯৮ সালে ডেভিড বেকহামের লাল কার্ড এবং ২০০২ সালে তার প্রতিশোধের পেনাল্টি—দুই দলের প্রতিটি বিশ্বকাপ সাক্ষাৎই ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সেই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লেখা হবে আটলান্টায়।

একদিকে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু লিওনেল মেসি, অন্যদিকে ইংল্যান্ডের নতুন প্রাণভোমরা জুড বেলিংহাম। নরওয়ের বিপক্ষে বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ডের সামনে এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের থামানোর কঠিন পরীক্ষা। আর্জেন্টিনাও সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের শেষ চারে এসেছে।

অন্য ম্যাচগুলোর মতোই সেমিফাইনালেও আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি, যাকে একজন ডিফেন্ডারের দায়িত্বে দিয়ে পুরোপুরি আটকে রাখার পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। কারণ তিনি এখন আর সারাক্ষণ বল নিয়ে দৌড়ান না। কখনো মাঝমাঠে নেমে যান, কখনো ডান দিক থেকে ভেতরে ঢোকেন, আবার কয়েক মিনিট খেলার বাইরে থাকার পর হঠাৎ এমন একটি জায়গায় উপস্থিত হন, যেখান থেকে একটি পাস বা শটেই ম্যাচ বদলে দিতে পারেন। তাই ইংল্যান্ডের প্রথম কাজ হবে মেসিকে নয়, মেসির কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করা। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দ্য পলের সঙ্গে তার পাসের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। ডেকলান রাইস ফিট থাকলে তার দায়িত্ব হতে পারে মাঝমাঠের সামনে জায়গা সংকুচিত করা। বেলিংহামকেও শুধু আক্রমণ নয়, বল হারানোর পর দ্রুত নিচে নেমে আর্জেন্টিনার প্রথম পাসটি আটকে দিতে হবে।

সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে মাঝমাঠের কেন্দ্রটি ঘন করে মেসির পাস ও শট নেওয়ার জায়গা অনেকটাই বন্ধ করেছিল। তবে অপেক্ষাকৃত নীরব ম্যাচেও কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের গোলে সহায়তা করেছিলেন তিনি। অর্থাৎ মেসিকে ৮০ বা ৮৫ মিনিট আটকে রাখাই যথেষ্ট নয়; পুরো ম্যাচে এক মুহূর্তের জন্যও মনোযোগ হারানো যাবে না। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনির বিশ্লেষণও অনেকটা এমন। তার মতে, রক্ষণে নিচে নেমে প্রতিপক্ষকে অনুসরণ না করার কারণে মেসি আর্জেন্টিনার জন্য কিছুটা দুর্বলতা তৈরি করতে পারেন। কিন্তু মেসির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে বিপজ্জনক করে তোলে। রুনি বলেছেন, মেসিকে সামলাতে হলে ইংল্যান্ডের খেলোয়াড়দের সারাক্ষণ নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে হবে এবং প্রয়োজনে পরিচিত অবস্থান ছেড়ে তার জায়গাগুলো ঢেকে দিতে হবে।

বিশ্ব গণমাধ্যমের কৌশলগত বিশ্লেষণে আর্জেন্টিনার ডান দিকটিকে দুর্বলতার সম্ভাব্য জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুইজারল্যান্ডের দ্রুতগতির উইঙ্গার ড্যান এনদোয়ে বারবার নাহুয়েল মোলিনার পেছনের জায়গা কাজে লাগিয়েছিলেন। মোলিনা ও তার বিকল্প গনসালো মন্তিয়েল—দুজনই শারীরিক সমস্যার মধ্য দিয়ে টুর্নামেন্ট খেলছেন।

ইংল্যান্ড এ জায়গায় অ্যান্থনি গর্ডন বা মার্কাস রাশফোর্ডের গতি ব্যবহার করতে পারে। তাদের সঙ্গে একজন আক্রমণাত্মক ফুলব্যাক যোগ হলে আর্জেন্টিনার ডান পাশে দুই বনাম এক পরিস্থিতি তৈরি হবে। মেসি সাধারণত নিচে নেমে ফুলব্যাককে খুব বেশি সহায়তা করেন না। ফলে ইংল্যান্ড বলের নিয়ন্ত্রণ পেলে মেসির পাশের অঞ্চলেই ওভারল্যাপ ও দ্রুত পাসের মাধ্যমে আক্রমণ সাজাতে চাইবে। সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড ইয়ান রাইট মনে করেন, আর্জেন্টিনার খেলার ধরন কিছুটা সংকীর্ণ হওয়ায় ইংল্যান্ড তাদের মাঝখানে আটকে রেখে দ্রুত পাল্টা আক্রমণ করতে পারবে। তার ভাষায়, আর্জেন্টিনাকে দেখে তার মনে হয়েছে, ইংল্যান্ড তাদের হারাতে সক্ষম।

আর্জেন্টিনার মাঝমাঠ টেকনিক্যালি শক্তিশালী। সময় ও জায়গা পেলে তারা ছোট পাসে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বল হারানোর পর দ্রুত পেছনে ফেরা এবং উচ্চগতির দৌড়ে তারা ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে থাকতে পারে। এখানেই বেলিংহামের বড় ভূমিকা। বেলিংহাম যখন মাঝমাঠ থেকে সরাসরি বক্সের দিকে দৌড়ান, তার পিছু নেওয়া প্রতিপক্ষের জন্য সেটি কঠিন হয়ে পড়ে। হ্যারি কেন নিচে নেমে বল ধরলে আর্জেন্টিনার একজন সেন্টার ব্যাককে তার সঙ্গে বেরিয়ে আসতে হবে। সেই ফাঁকা জায়গায় বেলিংহাম কিংবা বিপরীত দিকের উইঙ্গার প্রবেশ করতে পারেন। ইংল্যান্ডের আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ হতে পারে—কেনের নিচে নেমে আসা, বেলিংহামের সামনে চলে যাওয়া এবং উইঙ্গারদের ভেতরে ঢোকা।

সুইজারল্যান্ডের বিপক্ষে শারীরিক দ্বৈরথে সমস্যার কথা স্বীকার করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কর্নার, ফ্রি-কিক এবং দূরের পোস্টে উঁচু ক্রস তাই ইংল্যান্ডের বড় অস্ত্র হতে পারে। তবে রোমেরো ও মার্তিনেজ আগ্রাসী ডিফেন্ডার; তাদের বিপক্ষে কেনকে শুধু শক্তি নয়, বুদ্ধিমত্তা দিয়েও জায়গা তৈরি করতে হবে।

ম্যাচ টাইব্রেকারে গড়ালে দুই দলের শারীরিক সক্ষমতাও পরীক্ষিত হবে। নকআউট পর্বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড—দুই দলকেই কঠিন আবহাওয়া এবং অতিরিক্ত সময়ের ধকল সামলাতে হয়েছে। ফলে শেষ ২০ মিনিটে কার বেঞ্চ বেশি কার্যকর হয়, সেটিও গুরুত্বপূর্ণ। ম্যাচ পেনাল্টিতে গড়ালে আর্জেন্টিনার বড় ভরসা এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। টাইব্রেকারে তার উপস্থিতি প্রতিপক্ষের ওপর আলাদা মানসিক চাপ সৃষ্টি করে। ইংল্যান্ডকে তাই শেষ দিকে শুধু রক্ষণাত্মক হয়ে টাইব্রেকারের অপেক্ষা না করে স্বাভাবিক আক্রমণ চালিয়ে যেতে হবে। সব মিলিয়ে আটলান্টার সেমিফাইনালটি মেসি বনাম বেলিংহামের ব্যক্তিগত লড়াইয়ের চেয়েও বড়। ইংল্যান্ডের গতি, উচ্চতা ও শারীরিক শক্তির বিপরীতে থাকবে আর্জেন্টিনার অভিজ্ঞতা, টেকনিক ও মুহূর্তের জাদু। ইংল্যান্ড যদি মেসির সরবরাহের পথ বন্ধ করে আর্জেন্টিনার ডান প্রান্তে চাপ সৃষ্টি করতে পারে, তাদের ফাইনালে ওঠার বাস্তব সুযোগ থাকবে। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে—মেসিকে নিয়ে তৈরি যে কোনো কৌশল শেষ পর্যন্ত একটি মুহূর্তের কাছেই পরাজিত হতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১০

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১১

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১২

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৩

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৫

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৬

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৭

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৮

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

১৯

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

২০
X