মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইলিয়াস হোসেন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম
প্রিন্ট সংস্করণ
যে কথা কেউ শোনে না

মৃত্যুঞ্জয়ীদের আত্মঘাতী নির্বাচনী জোট

মৃত্যুঞ্জয়ীদের আত্মঘাতী নির্বাচনী জোট

রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আপ্তবাক্যটি বহুল পরিচিত, ব্যবহৃত ও চর্চিত। তবে, সাধারণ মানুষ একপর্যায়ে মেনে নিলেও মনে নেয় না। তারা মনে করে, শেষ বলে কিছু থাকলে ভালো হতো। এর মাধ্যমে রাজনীতিবিদরা সহজে নীতিনৈতিকতা বিসর্জনের সুযোগ পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাক্যটি এখন মানুষের মুখে মুখে। দলীয় আদর্শের চেয়ে সংসদীয় আসনের গুরুত্ব বেড়েছে। তেলে-জলে মিশে নির্বাচনী জোট করছে অনেকে। কেউ কেউ বাপ-দাদা বা নিজের গড়া দল বিলুপ্ত করে বড় দল ও জোটে বিলীন হয়ে যাচ্ছে। যে কোনো উপায়ে এমপি হওয়া চাই। এ প্রতিযোগিতায় নেমেছে অনেক রাজনীতিবিদ। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জনগণের মন জয়ের চেয়ে মনোনয়ন দৌড়ে বিজয়ী হওয়াটা জরুরি মনে করছেন।

গত রোববার বর্ষীয়ান রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন। বীরবিক্রম খেতাবপ্রাপ্ত বিখ্যাত এ মুক্তিযোদ্ধা জোট ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও কোনো কথা বলেননি। বিশ্লেষকরা বলছেন, কথা বলার মতো মুখ নেই বলে নিশ্চুপ ছিলেন। তবে, জামায়াতের বিরুদ্ধে অতীতে অনেক কথা বলেছেন তিনি। জামায়াত প্রশ্নেই বিএনপি ত্যাগ করেছিলেন অলি। চাকরিজীবন ও মুক্তিযুদ্ধ থেকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। দলটির স্থায়ী কমিটির এবং বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ছিলেন। তবুও ২০০৬ সালে বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন। যদিও পরবর্তীকালে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে সক্রিয় ছিলেন। গত অক্টোবরেও অলি আহমদ বলেছেন, ‘জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জামায়াত ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে।’

তাহলে বৃদ্ধ কর্নেলের কেন এই মতিভ্রম! অনেকে বলছেন, অভিমানী অলি বারবার ফিরে গিয়ে বিএনপির অব্যাহত অবহেলার শিকার হয়েছেন। তবে, দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে বিভিন্ন সময়ে করা তার কড়া কটূক্তিও মেনে নিতে পারেনি বিএনপি। এরকম আরেক বীর মু্ক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান কয়েক দিন আগে জামায়াতে যোগ দিয়েছেন। তিনি পাঁচবার বিএনপি থেকে বহিষ্কার হন। রাজনীতিতে মেজর আখতার অবশ্য এখন মাইনর। নির্বাচন কেন্দ্র করে জামায়াত হয়তো দলে মুক্তিযোদ্ধা ঢোকানোর পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ মুক্তিযুদ্ধবিরোধী বদনামে ভারসাম্য আনার চেষ্টা হতে পারে। কিন্তু অলি-আখতার নিজেদের নামে বদনাম লিখলেন বলেই মনে করছে সাধারণ মানুষ। বয়সের ভারে ভারসাম্যহীন হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এর আগে অলির এলডিপির মহাসচিবের দায়িত্ব ছেড়ে বিএনপিতে ফিরে গেছেন রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। তার বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতারা বিক্ষোভ করছেন।

এ তো গেল বৃদ্ধদের কথা। কিন্তু তরুণ তুর্কিরা কী করলেন! জুলাই বিপ্লবের মৃত্যুঞ্জয়ী নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও জামায়াত জোটে ঢুকে দৈত্যবন্দি বোতলের ছিপি খুলে দিয়েছে। শুরু থেকেই জেগে থাকা সন্দেহ সত্যি করেছে। জামায়াতের বি-টিম বলে প্রচলিত অপবাদের বাস্তবায়ন করে নিজেদের ভবিষ্যৎ বরবাদ করল কি?

গত রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে তারা। তবে, দলগুলোর সঙ্গে তাদের কোনো আদর্শিক ঐক্য হয়নি। এটি একটি নির্বাচনী সমঝোতা। প্রশ্নের জবাবে বলেন, ‘ন্যূনতম কিছু বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করেছি। আমরা একত্রে নির্বাচনী সময়টা পার করব। এ সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচিও থাকবে।’ এ ঘোষণা দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এনসিপির ভেতরেও চলছে তোলপাড়। আপত্তি তুলে এরই মধ্যে পদত্যাগ করেছেন তাসনিম জারা, তাজনূভা জাবীন ও মীর আরশাদুল হক। এনসিপি ১২৫ আসনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তার মধ্যে এ তিনজনের নাম ছিল। এ ছাড়া এনসিপির ৩০ জন নেতা দলীয় আহ্বায়ককে ‘সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।

পদত্যাগী তথ্য উপদেষ্টা ও জুলাই বিপ্লবের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত মাহফুজ আলম গত রোববার রাতে এক ফেসবুক পোস্টে বলেছেন, নির্বাচনীয় সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল। তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। তার পক্ষে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। অবশ্য গতকাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন থাকলেও তিনি তা জমা দেননি। তবে ওই আসনে তার ছোট ভাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম নির্বাচন করবেন বলে জানা গেছে। এনসিপির অনেক গুরুত্বপূর্ণ নেতা জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে এরই মধ্যে দল ছেড়েছেন। এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন। ঢাকা-১৭ আসনে তাকে প্রার্থী করেছিল দলটি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘এই জিনিস হজম করে মরতেও পারব না আমি।’ তিনি আরও লিখেছেন, ‘আপনারা অনেকে ভাবছেন, হয়তো জামায়াতের সঙ্গে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ংকর যে কারণ, সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। আমি বলব এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে।’ তাজনূভা মনে করেন, ‘এটা আদর্শের চেয়েও অনেক বড়, সেটা হলো বিশ্বাস। মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়ে ৩০ জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে। বিষয়টা ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। আমার অবশ্য এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা নাই। পুরো অগোছালো করে চোখের পলকে ডিসওউন করে দিয়েছে।’

গত শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে, বাস্তবিক প্রেক্ষাপটে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’ এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।’ তিনি আরও লিখেছেন, ‘জামায়াতের সঙ্গে জোট করার সমস্যা তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না। এই জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে।’ মনিরা শারমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি। তবে, দল থেকে পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিই নাই। এনসিপি কারও একার সম্পত্তি না। এনসিপি যতখানি শীর্ষ নেতৃত্বের, তার থেকে অনেক বেশি আমার। আজ পর্যন্ত এমন কিছু বলি নাই বা করি নাই যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না, ক্ষমতায় যেতে চাই না।’

এরই মধ্যে তরুণ বিপ্লবীদের অনেকে নানামুখী অপকর্মে নিজেদের এবং এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ক্ষমতার মোহে এবং বিলাসবহুল জীবনের লোভে বিতর্কিত হয়েছেন। নয়া বন্দোবস্তের কথা বলে গতানুগতিক বস্তাবন্দি রাজনীতিতে মিশে গেছেন। তাদের জন্য জুলাই বিপ্লবে তৈরি হওয়া আকাঙ্ক্ষা এখন খাঁখাঁ করছে ক্ষুব্ধ সাধারণ মানুষের মনে। অভ্যুত্থানকারীরা ত্যাগের আন্দোলন আর ভোগের রাজনীতির মাঝখানে পড়ে গিয়েছেন। দ্রুত জনপ্রিয়তা হারিয়ে ফেলছেন রাজনীতির ঘোলা জলে নেমে। মাছ ধরতে নেমে অক্টোপাস রাজনীতির শিকার হয়েছেন। জামায়াত নিয়ে বিভিন্ন সময়ে করা নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারোয়ার তুষার, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসউদের নেতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ট্রল করছে নেটিজেনরা। এসব দেখে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, একটি সম্ভাবনার অকালমৃত্যু। শাপলা ফোটার আগেই কলিতে ঝরে পড়ছে। বিএনপিও একসময় জামায়াতের সঙ্গে জোট বেঁধেছিল বলে যুক্তি দিচ্ছে কেউ কেউ। মনে রাখতে হবে, চারদলীয় জোট হয়েছিল বিএনপির নেতৃত্বে। আর, দশদলীয় জোট হচ্ছে জামায়াতের নেতৃত্বে। সেখানে এনসিপির বিলীন হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।

লেখক: হেড অব নিউজ, আরটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X