

প্রফেসর ইউনূস ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মারফ্রিজবোরো শহরে অবস্থিত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন। এর আগে তিনি টেনেসি রাজ্যের ন্যাশভিল নগরের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন, যেখান থেকে ১৯৮১ সালে আমিও পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। ১৯৫৮ সাল থেকেই প্রফেসর ইউনূসের সঙ্গে আমার ভ্রাতৃসুলভ সম্পর্ক, তার ছোটভাই আইউব আমার ঘনিষ্ঠতম বন্ধু ও সহপাঠী। তার কারণেই আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতার জীবন বেছে নিতে হয়েছিল। ১৯৭৩ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পাওয়ার পর তিনি তার প্রয়াত ছোট ভাই আজমকে আমার বাসায় পাঠিয়ে আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন, যেজন্য রেজাল্ট বের হওয়ার এক সপ্তাহের মধ্যেই অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ১৯৭৩ সালের ১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেছিলাম। অতএব, ১৯৫৮ সাল থেকেই আমি প্রফেসর ইউনূসের রাজনৈতিক অবস্থান সম্পর্কে পুরোপুরি অবহিত। চট্টগ্রাম কলেজের ছাত্র থাকার সময় থেকেই ইউনূস বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অঙ্গসংগঠন ইউএসপিপির সঙ্গে জড়িত ছিলেন, ইউএসপিপির সাময়িকী ‘দু’পাতা’ সম্পাদনা করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেও সলিমুল্লাহ মুসলিম হলে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর প্রফেসর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুক্তিযুদ্ধের সমর্থনে প্রকাশিত সংবাদ সাময়িকী বাংলাদেশ নিউজলেটারের কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন; ওই সাময়িকীর সম্পাদক ছিলেন বিশ্বখ্যাত বাঙালি স্থপতি ড. ফজলুর রহমান খান। সুদূর ন্যাশভিল থেকে গাড়ি চালিয়ে ড. ইউনূস ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রতিবার ওই সাময়িকীর সম্পাদনা সম্পন্ন করে আসতেন।
২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের সময় প্রফেসর ইউনূস ফ্রান্সের প্যারিসে অলিম্পিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওই অলিম্পিক তার ‘সোশ্যাল বিজনেস’-এর ধারণা অনুসারেই অর্গানাইজ করা হয়েছিল। তার সঙ্গে ৬/৭ আগস্টে টেলিফোনে আন্দোলনের ছাত্র-নেতৃবৃন্দ যোগাযোগ করে তার সম্মতি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে। ৮ আগস্ট দুপুরে বাংলাদেশে ফিরে এসে রাত ৯টায় প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিনের মধ্যেই পরিষ্কারভাবে ধরা পড়ে যায় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার পতনের আন্দোলন-সংগ্রাম পরিচালিত হলেও এই আন্দোলনের মূল নেতৃত্ব দখল করে ফেলেছিল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা। এমনকি তাদের অনেকেই ছাত্রলীগ ও ছাত্রদলের পরিচয় ধারণ করলেও ওদের প্রায় সবাই ছিল সুপ্ত-গুপ্ত শিবির ক্যাডার। অতএব, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জামায়াত-শিবিরের রাজনীতির প্রতিফলন হতে মোটেও দেরি হলো না। বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির যে স্বাধীনতার ৫৩ বছর পার করে এসে ২০২৪ সালেও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল অতি শিগগির। (অতিসম্প্রতি সংসদে জাতীয় সংগীত বাজানোর সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেননি)। অত্যন্ত ন্যক্কারজনকভাবে এসব ছাত্র মুক্তিযুদ্ধকে অপমান করতে শুরু করে দিল সারা দেশে। মুক্তিযুদ্ধ নাকি ‘দু’ভাইয়ের ঝগড়া’! আসল স্বাধীনতা নাকি অর্জিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে! অন্তর্বর্তী সরকারের শাসনামলের গত দেড় বছরে দেশের কোথাও মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য কিংবা স্মৃতিসৌধও অক্ষত রইল না। এমনকি যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল সেই মুজিবনগরের সব ভাস্কর্য ভাঙচুরের শিকার হলো। কয়েকটি ভাঙচুরের সময় সরকারের বিভিন্ন সংস্থার কয়েকটি বুলডোজার সরবরাহ প্রমাণ করল যে, সরকারের সম্মতিতেই ওই ভাঙচুর-অপারেশন চালানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হয়েছিলেন জামায়াত-সমর্থক ব্যক্তিরা, যেজন্য ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপির ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মধ্যেই এসব উপাচার্যের নিয়োগ বাতিল করে বিএনপিপন্থি শিক্ষকদের নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। অন্তর্বর্তী সরকারের সময় নিযুক্ত সচিবদের মধ্যে যেহেতু জামায়াতের সমর্থকরা বিপুল সংখ্যাগরিষ্ঠ ছিলেন, তাই গত দেড় মাসে প্রশাসনিক পরিবর্তনের মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ইউনূস সরকারের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের মধ্যে বেশ কয়েকজন জামায়াতের সমর্থক ছিলেন বলে মনে করা হয়, যারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নানা ফন্দি-ফিকিরে মেতে উঠেছিলেন বলে মিডিয়ায় প্রবল অভিযোগ উঠেছে ইউনূস সরকারের মেয়াদ শেষ হওয়ার পর। অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত ‘জুলাই সনদের’ অনেকগুলো সংস্কারের সুপারিশ জামায়াতে ইসলামীকে সুবিধা দেওয়ার জন্য প্রস্তাবিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি, খোদ গণভোট অসাংবিধানিক পদক্ষেপ বলে চিহ্নিত হয়েছে বিএনপির ভাষ্যে!
আমার প্রশ্ন হলো, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে এভাবে সক্রিয়ভাবে লাই দেওয়ার কারণ কী? প্রফেসর ইউনূস তো ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মী থাকার সময়েও তাকে দক্ষিণপন্থি রাজনীতির অনুসারী মনে হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতারা যে ইসলামী ছাত্রশিবিরের সুপ্ত-গুপ্ত কিংবা স্বঘোষিত ক্যাডার, সেটা তো তাদের বয়ানেই জানাজানি হয়ে গেছে গণঅভ্যুত্থানের পরপরই। তিনি মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্মারকগুলো ভাঙচুর কিংবা ধ্বংস করার বিরুদ্ধে একটি বাক্যও উচ্চারণ করলেন না কেন? তার সরকারের একটি প্রেসনোটও গত দেড় বছরে জামায়াত-শিবিরের এসব মুক্তিযুদ্ধবিরোধী তাণ্ডবের সমালোচনা কিংবা প্রতিবাদ করল না কেন? আমরা সবাই জানি, স্বৈরশাসক শেখ হাসিনা তার সাড়ে পনেরো বছরের শাসনামলে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে চরম নির্যাতন-নিপীড়ন চালিয়ে তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিলেন। এমন কোনো হেনস্তা ও অপমানজনক পদক্ষেপ বাকি ছিল না, যা শেখ হাসিনা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে গ্রহণ করেননি। এহেন নিপীড়ন নিবর্তনের বিরুদ্ধে লিখিত প্রতিবাদ জানিয়েছিলেন বিশ্বের শতাধিক নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব, কিন্তু তাতেও কর্ণপাত করেননি শেখ হাসিনা। প্রফেসর ইউনূসের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত শত কোটি টাকা অন্যায্য করারোপ করা হয়েছে। একের পর এক ভুয়া মামলা দায়ের করে তাকে দিনের পর দিন কোর্টে হাজিরা দিতে বাধ্য করা হয়েছে। আদালতে গেলে তাকে হেঁটে ছয়/সাত তলায় উঠতে বাধ্য করার জন্য লিফট বন্ধ রাখার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক ভবনে অবস্থিত প্রফেসর ইউনূসের অফিস ভবনে উত্তেজিত মব পাঠিয়ে তাকে অপমান/হেনস্তা করা হয়েছে। গ্রামীণফোনের লভ্যাংশ থেকে প্রফেসর ইউনূসের সৃষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমকে বঞ্চিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। এগুলো সবই সত্য, অকাট্য সত্য। ক্ষমতায় এসে এগুলোর প্রতিকার চাইলে প্রফেসর ইউনূসকে দোষ দেওয়া যাবে না। কিন্তু ক্ষমতায় এসে প্রফেসর ইউনূস যদি এগুলোর প্রতিশোধ গ্রহণের জন্য মুক্তিযুদ্ধকে অস্বীকার করার উদ্দেশ্যে বা মুছে ফেলার উদ্দেশ্যে পরিচালিত জামায়াত-শিবিরের ন্যক্কারজনক ধ্বংসলীলাগুলোর পেছনে তার সমর্থনকে বা এগুলোর ব্যাপারে তার নীরবতা ও নিষ্ক্রিয়তাকে যৌক্তিক দাবি করতে চান, তাহলে সেটাকে কি তিনি গ্রহণযোগ্যতা দিতে পারবেন? তাকে আমরা যারা প্রায় আটষট্টি বছর ধরে চিনি এবং মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ সম্পর্কে অবগত রয়েছি তারা তার এহেন জামায়াত-শিবিরপ্রীতির জন্য অপমানিত বোধ করলে কি অপরাধ হবে? ইতিহাসে প্রফেসর ইউনূস তার এহেন জামায়াত-শিবির-প্রীতির জন্য চিরকাল ধিক্বৃত হয়ে থাকবেন, এই দুঃখ কোথায় রাখি?
লেখক: সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি, একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও অবসরপ্রাপ্ত প্রফেসর, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়