

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে বুধবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়— ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাও য়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে আবহাওয়ার নিয়মিত বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই মৌসুমিবায়ু আরও অগ্রসর হয়ে সারা দেশে বিস্তার লাভ করতে পারে।
এছাড়া দেশের ১০ জেলায় রাত ১০টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ওই সময় এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়েও সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।