

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মো. বাদল মোড়ল নামের এক কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা।
মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. বাদল মোড়ল (৩৫) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং নুর ইসলাম মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল নিয়তির মাঠ এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়ল মারা যান। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফকিরহাট থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।