

জবাবদিহির পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ অংশীজন সবার মতামতের ভিত্তিতে জবাবদিহির পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গতকাল শুক্রবার বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে আমরা এখনো যুক্ত হতে পারিনি। তিনি বলেন, সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব।
এদিন সকালে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী। জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত এ অনুষ্ঠানে বরিশাল ও পিরোজপুরের ৬১ জনকে মোট ২ কোটি ১৭ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পাশাপাশি অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। এই নিঃস্ব পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। অর্থ সহায়তার পাশাপাশি রাষ্ট্র ও সমাজকে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিতে হবে।