পরিতোষ অধিকারী, নাটোর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জেলাভিত্তিক ফল বিশ্লেষণ

নাটোরে সব আসনে জয় পেলেও চ্যালেঞ্জ ছিল বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনের সবকটিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা, যা দলের জন্য বড় সাংগঠনিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। জেলার বিএনপি নেতাকর্মীরাসহ সাধারণ মানুষের প্রত্যাশা, বিএনপি প্রার্থীদের নিরঙ্কুশ এমন বিজয় আগামী দিনে এলাকার উন্নয়ন কার্যক্রমকে বেগবান করবে। তবে খুব একটা সহজ ছিল না এই বিজয়যাত্রা। অধিকাংশ আসনেই ধানের শীষের প্রার্থীদের পড়তে হয়েছে শক্ত চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে দলীয় অভ্যন্তরীণ কোন্দল এবং নিজ দলেরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরাই জয়ের বন্দরে পৌঁছানোর পথে বড় কাঁটা হয়ে দাঁড়ান। তবে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ধানের শীষ প্রতীককেই বেছে নিয়েছেন। চারটি আসনের মধ্যে দুটিতে (সদর-নলডাঙ্গা এবং বড়াইগ্রাম-গুরুদাসপুর) হাড্ডাহাড্ডি লড়াই শেষে সংখ্যালঘুদের ভোটে জয়ের বন্দরে পৌঁছান বিএনপি প্রার্থীরা। আর অন্য দুটিতে (লালপুর-বাগাতিপাড়া এবং সিংড়া) টানটান লড়াই শেষে ব্যক্তিগত ও পারিবারিক ভাবমূর্তিতে ভর করে উতরে যান ধানের শীষের দুই প্রার্থী।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সংসদ সদস্য (এমপি) পদে জয়ী হন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এই আসনে মোট ভোটার ৩,৬৮,২৭৬। ভোটগ্রহণের দুদিন আগেও তার জয় বা পরাজয় নিয়ে নানা আলোচনা ছিল। জয়ের বিষয়টি পেন্ডুলামের মতো এদিক-ওদিক দুলছিল। শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী পুতুলই নির্বাচিত হয়েছেন। পেয়েছেন ১,০২,৭২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০,৫৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বহিষ্কৃত সহ-দপ্তর সম্পাদক) অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু পান ৭৩,১৭৩ ভোট। এই আসনে বৈধ-অবৈধ মিলিয়ে ভোট পড়েছে ২,৭৪,৪০৯টি। প্রদত্ত ভোট মোট ভোটারের ৭৪.৫১%। চারজন ছাড়া কেউই হাজারের ঘর পার করতে পারেননি। এখানে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। বিজয়ী ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নিজ দলের বহিষ্কৃত নেতা তাইফুল ইসলাম টিপুর কারণে। প্রয়াত বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা পুতুল। ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং টানা তিনবার এই আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৬ সালে ফজলুর রহমান পটলের মৃত্যু হলে পরিবারের রাজনৈতিক দায়িত্বে সক্রিয় হন পুতুল। এবারের নির্বাচনে পুতুলের জয় সহজ ছিল না। প্রচারের সময় সাইবার বুলিংয়ের শিকার এবং দলের ভেতর থেকেও কিছু বাধার সম্মুখীন হন। তবে এসব প্রতিকূলতা অতিক্রম করে বিস্তর গণসংযোগ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি বিজয় নিশ্চিত করেন। রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন পুতুল।

সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু বলেন, ‘এই আসনটি বারবার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত বিএনপির অধিকাংশ ভোটার ধানের শীষ প্রতীককেই বেছে নিয়েছেন।’

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জয়ী হন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এখানে ভোটার ৪,০৬,৮৮৮। বিএনপির প্রার্থী দুলু পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউনুস আলী পান ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট। এই আসনে ভোট পড়ে ৩,০৫,৩৫০। ভোটের হার ৭৫.০৫%।

রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তি জনপ্রিয়তাই তাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে বলে মনে করেন দলের সাধারণ কর্মীরা। যদিও বিএনপির মধ্যম সারির কিছু নেতা মনে করেন, শেষের দিকে দলের জেলা কমিটির কয়েকজন নেতার ‘গোপন’ বিরোধিতার কারণে কিছুটা ভোট কম পেয়েছেন দুলু। তবে দুলু মনে করেন, বিজয় লাভ করতে সংখ্যালঘু ভোটাররা তাকে সহায়তা করেছেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নারী ভোটের সংখ্যাধিক্যের কারণেও কিছুটা ভোট কম পেয়েছেন। এই আসনে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিজয় পান আনোয়ারুল ইসলাম আনু। এখানে ভোটার ৩,২৬,৮৭২। জয়ী বিএনপির প্রার্থী আনু আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের চাচাশ্বশুর। তিনি পেয়েছেন ১,১৯,৭৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক) দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬,৪৯২ ভোট। তৃতীয় সর্বোচ্চ ২০,৭০৭ ভোট পেয়েছেন ১১ দলীয় জোটের এনসিপি নাটোর জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ এস এম জার্জিস কাদির বাবু। এই আসনে ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৮১। ভোটের হার ৭১.৪৬%। এখানে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রথমে মনোনয়ন দেওয়া হয় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক সাইদুর রহমানকে। কিন্তু জোটের কারণে তাকে সরিয়ে এনসিপির সদস্য সচিব অধ্যক্ষ এস এম জার্জিস কাদির বাবুকে মনোনয়ন দেওয়া হয়। এর পরই পাল্টে যায় ভোটের হিসাবনিকাশ। হতাশ হয়ে পড়েন জামায়াত সমর্থকরা। প্রকাশ্যে তারা জার্জিস কাদিরকে সমর্থন দিলেও বেশিরভাগ নেতাকর্মী ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের দিকে ঝুঁকে পড়েন। যদিও শেষ পর্যন্ত ধানের শীষের পুরোনো ঘাঁটি হিসেবে পরিচিত সিংড়ায় শেষ হাসি হাসেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জয়ী আব্দুল আজিজ। মোট ভোটার ৪,৪৫,১৭২। এখানে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ পান ১,৭০,৫৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১,৩৫,৩৮৬ ভোট। ভোট পড়েছে ৩ লাখ ১৯ হাজার ১৪১। ভোটের হার ৭১.৬১%। মূলত ব্যক্তি জনপ্রিয়তার কারণেই এই আসনে জয় পেয়েছেন ধানের শীষের আব্দুল আজিজ। এর আগে তিনি দুবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সাধারণ ভোটাররা মনে করেন, এই আসনেও বিএনপির আব্দুল আজিজের বিজয়ে সংখ্যালঘু ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এর আগে দীর্ঘদিন অন্য কোনো দলের প্রার্থী সংসদ নির্বাচনে জয় পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X