

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি এখন আর নতুন কিছু নয়। দেশীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে বেশ দাপটের সঙ্গেই চলছে। এ ধারাবাহিকতায় এবারও নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে দেশের তিন সিনেমা। তার একটি হচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত মাস্টার। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি উৎসবের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিভাগ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ জায়গা করে নিয়েছে, যা দেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রটারড্যামেই হতে যাচ্ছে মাস্টার সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এরই মধ্যে এ উৎসবে অংশ নিতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন অভিনেত্রী বাঁধন। প্রদর্শনী শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বেও দর্শকদের সঙ্গে সরাসরি অংশ নেবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধন নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পরিবারসহ সিনেমাটি দেখতে আসার আমন্ত্রণও জানান। বাঁধন জানান, রটারড্যামে ‘মাস্টার’ সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। এর মধ্যে গতকাল সোমাবার (২ ফেব্রুয়ারি রাতে) এর প্রথম প্রদর্শনী হয়। দ্বিতীয় প্রদর্শনী ৪ ফেব্রুয়ারি ও তৃতীয় প্রদর্শনী ৭ ফেব্রুয়ারি। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমার অভিনীত সিনেমা রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে, এটি আমার জন্য অনেক খুশির খবর।’
সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘নতুন ধরনের একটি সিনেমায় অভিনয় করেছি। দর্শকরা যা আগে কখনো দেখেননি। এখানে আমাকে একটু নেতিবাচকভাবে দেখবেন। ইউএনওর চরিত্রে অভিনয় করেছি। সেই হিসেবে আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে একটি বাংলাদেশি চলচ্চিত্রের সফল উপস্থাপনার জন্য প্রবাসী বাংলাদেশি দর্শক ও কমিউনিটির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এবারের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আরও দুটি সিনেমা হচ্ছে ‘রইদ’ ও ‘দেলুপি’।