

বাংলাদেশের সুনীল অর্থনীতি (ব্লু ইকোনোমি) দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সমুদ্র-অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের অংশীজন, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। একই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়, সুস্পষ্ট জাতীয় রূপরেখা প্রণয়ন এবং দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর উত্তরায় সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির দোয়েল সেমিনার হলে ‘ব্লু ইকোনোমি থিংক ট্যাংক’ আয়োজিত ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি ব্যবস্থাপনায় জাতীয় অংশীজনদের পরামর্শসভা’ শীর্ষক নীতি-নির্ধারণী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সমুদ্র বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনার সম্পদভাণ্ডার। এ সম্পদের টেকসই আহরণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সক্রিয় উদ্যোগ, সমন্বিত জাতীয় নীতি, দীর্ঘমেয়াদি রূপরেখা এবং কার্যকর আইনি কাঠামো প্রণয়ন জরুরি।
বক্তারা আরও বলেন, সমুদ্র-অর্থনীতির উন্নয়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করার পাশাপাশি জাতীয় অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে এ খাতে বিশেষায়িত জ্ঞান ও প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, গবেষক এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সমুদ্র-অর্থনীতিকে জাতীয় আয়ের অন্যতম উৎস হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে সমুদ্র-অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক (বিনিয়োগ প্রচার বিভাগ) জীবন কৃষ্ণ সাহা রায়, প্রাইম ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের উপ-প্রধান ফারিবা নাজ শাওলী, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সেতু, সিমেক গ্রুপের নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াসমিন, ব্র্যাক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. রতন কুমার রায়, পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রভাষক মো. নুরুল আমিন এবং মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নুর-উন-নাহার উইলি।
এ ছাড়া ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস–২০২৪’-এর অ্যালামনাই সদস্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন খাতের অংশীজনরা সভায় অংশ নেন।
উল্লেখ্য, সমুদ্র-অর্থনীতি বিষয়ে জ্ঞান বিনিময় এবং অংশীজনদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস – ড্রাইভিং চেঞ্জ: অ্যালামনাই গ্রান্টস ফর ইনোভেশন’ কর্মসূচির আওতায় এ পরামর্শসভার আয়োজন করা হয়।