

ডাচ্-বাংলা ব্যাংক ২০২৫ সালে ৯৬৫ কোটি টাকা নেট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ১০৪ শতাংশ (প্রায় ২ দশমিক ০৪ গুণ) বেশি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিনিউকেশন ডিভিশন চিফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। কর পরবর্তী ও প্রভিশনের পর নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪ শতাংশ (প্রায় ২ দশমিক ৪ গুণ) বেশি।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা চেয়ারম্যান মিস সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ (২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক) ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০ শতাংশ (১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক)।
২০২৫ সালের ৩১ ডিসেম্বরে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪ দশমিক ৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২ দশমিক ১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩ দশমিক ৩৯ টাকা।
আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ব্যাংকটি শক্তিশালী অবস্থান প্রদর্শন করেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ২০২৫ সালে ১৭ দশমিক ১৩ শতাংশে উন্নীত হয়েছে, ২০২৪ সালে ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ ; যা রেগুলেটরি নির্ধারিত মানের তুলনায় বেশি।