

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, শত্রুপক্ষ যদি আবারও অতিরিক্ত দাবি তোলে এবং ইরানি জাতির অধিকার লঙ্ঘন করে, তাহলে তাদের ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ বরণ করতে হবে।
শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে মোজতবা খামেনির বার্তার প্রতিক্রিয়ায় এ বিবৃতি দেয় আইআরজিসি।
আইআরজিসি জানায়, ইরানের জনগণ ও যোদ্ধারা আশা করেন যে রাজনৈতিক অঙ্গনও তাদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
বিবৃতিতে বলা হয়, ‘আগ্রাসী শত্রু ইরানি জাতির ঐতিহাসিক জাগরণ এবং ইসলামি যোদ্ধাদের সাফল্যের মুখে যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছে। তারা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার অবস্থান থেকে সরে এসে সমঝোতা ও আলোচনার অনুরোধ জানাতে বাধ্য হয়েছে। এমনকি তারা ইরানি জাতির সামনে নতজানু হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘প্রিয় জাতি ও ইসলামি যোদ্ধারা দৃঢ় পাহাড়ের মতো নিজেদের রাষ্ট্রনায়কদের পাশে রয়েছে।’
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানায়, অতীতের মতো যদি প্রতিশ্রুতি ভঙ্গকারী শত্রুপক্ষ আবারও অতিরিক্ত দাবি আরোপ ও ইরানি জনগণের অধিকার ক্ষুণ্ন করার পথ বেছে নেয়, তাহলে সমন্বিত যুদ্ধক্ষেত্রে আগের চেয়ে আরও শক্তিশালী আইআরজিসি শত্রুর ওপর আরও বড় ঐতিহাসিক পরাজয় চাপিয়ে দিতে প্রস্তুত।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দূরবর্তীভাবে ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে।