

ঠাকুরগাঁওয়ে ক্যানসার আক্রান্ত ছেলের দাফন সম্পন্ন করতে গিয়ে স্ট্রোকের শিকার হওয়া সেই বৃদ্ধ বাবা নূর ইসলামও (৮০) মারা গেছেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই পরিবারে দুইদিনের ব্যবধানে বাবা ও ছেলের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা আমজাদ হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত শনিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছেলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়।
রোববার স্থানীয় কবরস্থানে ছেলের দাফনকার্য সম্পন্ন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবা নূর ইসলাম। উপস্থিত স্বজনরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, তিনি সেখানে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার সকালে তিনি চিরবিদায় নেন।
একই পরিবারে পর পর দুটি জানাজা ও দাফনের ঘটনায় এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পূর্ব গোয়ালপাড়ার আকাশ-বাতাস।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু বলেন, এই শোক সইবার মতো শক্তি পরিবারের নেই। ছেলের দাফন করতে গিয়েই নূর ইসলাম চাচা স্ট্রোক করেছিলেন, আজ তিনিও চলে গেলেন। পুরো পরিবার এখন বাকরুদ্ধ। আমরা তাদের জন্য দোয়া করছি।