

মাদারীপুরের শিবচর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১৬১ পিস ইয়াবা ও ৯৫ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে) মধ্যরাতে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং হাজী শরীয়তউল্লাহ সমাজকল্যাণ পরিষদের সদস্যদের সহায়তায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, বাঁশকান্দি ইউনিয়নের গিয়াসউদ্দিনের ছেলে মো. ফরহাদ, লতিফ মৌলভীর ছেলে মো. বাবুল, সুলতান মুন্সির ছেলে রফিক মুন্সি, আমীর আলীর ছেলে খসরু শিকদার এবং উত্তর বহেরাতলা সরকারের চর গ্রামের রোস্তম শেখের ছেলে রিপন মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম গাঁজা, ১৬১ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযানে ৫ জনকে মাদকসহ হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।