

কুমিল্লা নগরীতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে একদল যুবক। এ সময় বাধা দেওয়ায় মো. শরীফ নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে।
বুধবার (২৯ জুন) রাত ১টার দিকে নগরীর থিরাপুরকুর পাড়ে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম- মো. শরীফ। তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। এ ঘটনায় পুলিশের অপর এক কনস্টেবল জাহিদুল ইসলামও আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল উচ্ছৃঙ্খল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আতশবাজি ফাটিয়ে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এ সময় পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে ভিড়ের মধ্যে থাকা এক যুবক পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করে।
ঘটনার পর সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।