

অবশেষে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (১৩ জুলাই) সকালে তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আজ সকালেই আমি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি।’
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৯ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামের বাসিন্দা এবং গোলাম মাওলা চৌধুরীর সন্তান।
এর আগে, গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সিলেটে যোগদানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়।
এর আগে ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১২ জুলাই পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।