

ভারতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জেন-জি সংগঠন ককরোচ জনতা পার্টি সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ১৭তম দিনে তার শারীরিক অবস্থা্র অবনতি ঘটেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ এতথ্য জানানো হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, দেশজুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন করছেন ওয়াংচুক। ওই কেলেঙ্কারিতে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলেও দাবি করা হয়।
সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, অনশন শুরুর পর থেকে ওয়াংচুকের ওজন আট কেজির বেশি কমেছে। তার রক্তে শর্করার মাত্রা বারবার বিপজ্জনক পর্যায়ে নেমে যাচ্ছে, তিনি সারাক্ষণ মাথা ঘোরা অনুভব করছেন এবং শরীরের পেশিশক্তিও কমে গেছে।
তবে সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির সংলাপ শুরু না হওয়া পর্যন্ত অনশন ভাঙতে তিনি রাজি নন বলে জানিয়েছে সংগঠনটি।
সোনম ওয়াংচুক বলেন, আমাকে অনশন ভাঙতে বলবেন না। সরকারের কাছে জিজ্ঞেস করুন, তারা কেন আলোচনায় বসতে চাইছে না।
অভিজিৎ দীপকে বলেন, সোনম ওয়াংচুক এই দেশেরই মানুষ। নিজের কাজের মাধ্যমে তিনি ভারতকে বিশ্বজুড়ে পরিচিত করেছেন। আজ তিনি দেশের শিক্ষার্থীদের জন্য আন্দোলন করছেন, অথচ সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রী বা প্রতিনিধিও তার সঙ্গে কথা বলতে আসেননি। সরকারের এই উদাসীনতা অত্যন্ত দুঃখজনক।
এদিকে সংগঠনের মুখপাত্ররা আগামী ২০ জুলাই ভারতের যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।