

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার সাদিকুল তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার মৃত শফিকুলের ছেলে।
পুলিশ জানায়, সকালে রণচণ্ডী ইসলামপুর থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বলেন, এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুলসংখ্যক জাল পাসপোর্ট রয়েছে। খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া মডেল থানাকে জানায়।
পরবর্তীতে তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুলকে আটক করে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জাল পাসপোর্টের উৎস ও পলাতক দুই সন্দেহভাজনসহ সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে। তিনি অপরাধ দমনে জনসাধারণকে জরুরি প্রয়োজনে ৯৯৯-এ তথ্য দেওয়ার আহ্বান জানান।