

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেছেন, মহাসড়কে যানজট কমাতে হাইওয়ে পুলিশ আসলে কী দায়িত্ব পালন করছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
বুধবার (২২ জুলাই) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, কাঁচপুর সেতুর পর থেকেই বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে রাখা হয়। এর প্রভাব পড়ে সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ এলাকা মোগরাপাড়া চৌরাস্তায়। সেখানে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
তিনি বলেন, জনগণের স্বার্থে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
অবৈধ চুনা কারখানার বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক করে সংসদ সদস্য বলেন, অবৈধ কারখানার বিরুদ্ধে শুধু লোক দেখানো অভিযান চালালে হবে না। উচ্ছেদের পর আবার রাতের আঁধারে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবৈধ কারখানা বন্ধে কঠোর অবস্থান নিতে হবে। এ বিষয়ে কোনো ধরনের লুকোচুরি গ্রহণযোগ্য নয়।
সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করে আজহারুল ইসলাম মান্নান বলেন, গত এক মাসে পুলিশ ভালো কাজ করেছে। বেশ কয়েকজন ডাকাত ও খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তৎপরতায় এলাকায় মাদকের বিস্তারও কমেছে।
তবে পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধী যদি তার নিজের আত্মীয়ও হয়, তবুও ছাড় দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।