

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ শুক্রবার মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রচারণা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি সিনেমার একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে সহশিল্পীদের সঙ্গে হাজির হয়ে ভোজপুরি সংস্কৃতি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান এই অভিনেতা।
নতুন সিনেমাতে একটি ভোজপুরি গান ব্যবহৃত হয়েছে। এ প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চান, ভবিষ্যতে তিনি ভোজপুরি চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা করছেন কি না? জবাবে মজার ছলে অক্ষয় বলেন, 'হলিউডের চেয়েও ভোজপুরি ভালো। কারণ ওরা এই গান শুনলেও কিছুই বুঝবে না। এমন ধরনের গান তারা আগে কখনও দেখেনি।'
তবে শুধু রসিকতাই নয়, ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়েও গর্ব প্রকাশ করেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা। অক্ষয়ের ভাষ্য, 'আমাদের দেশে অসংখ্য সংস্কৃতির সমন্বয় রয়েছে। আমাদের গানেও সেই বৈচিত্র্যের প্রতিফলন দেখা যায়। এই সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আমাদের গর্ব করা উচিত।'
অনুষ্ঠানে সিনেমাটির সম্ভাব্য সাফল্য নিয়েও কথা বলেন তিনি। হাস্যরসের ভঙ্গিতে অক্ষয় মন্তব্য করেন, ‘থ্রি ইডিয়টস’ মাত্র তিনজন প্রধান অভিনেতাকে নিয়ে ব্লকবাস্টার হয়েছিল। আর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ ৩০ জনেরও বেশি শিল্পী রয়েছেন, তাই আশা করছি দর্শকদের বিনোদনের মাত্রাও হবে অনেক বেশি।
আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সিনেমাতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, ফরিদা জালাল, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদবসহ আরও অনেক তারকা।