

বক্স অফিসে টানা ব্যর্থতায় মোটামুটি চাপে ছিলেন বলিউড ভাইজান সালমান খান। এদিকে বয়সের ভারে নুয়ে পড়া বাবা সেলিম খানের আইসিউতে জীবনযুদ্ধ—সব মিলিয়ে সময়টা বড্ড নিষ্ঠুর কাটছিল বলিউড ‘ভাইজান’ সালমান খানের। মানসিক ও পারিবারিকভাবে কিছুটা বিধ্বস্ত পর্দার এই চিরতরুণ সুলতান বেশ কিছুদিন দূরে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। অবশেষে ৬০ ছুঁইছুঁই এই বলিউড মেগাস্টারের রাজকীয় প্রত্যাবর্তন ঘটল। সব নীরবতা ভেঙে নিজের সামাজিকমাধ্যমে এমন এক ‘রাফ অ্যান্ড টাফ’ লুক শেয়ার করলেন, যা নিমেষেই তোলপাড় ফেলে কোটি ভক্তের হৃদয়ে।
বয়স ৬০-এর কোঠায়, কিন্তু সালমান খান যেন চিরযুবা। পোস্ট করা নতুন ছবিতে ভাইজানকে দেখা গেছে একদম রুক্ষ-সুদর্শন লুকে। পরনে ছেঁড়া নীল জিন্স, কালো স্লিভলেস ভেস্ট, আর মাথায় কাউবয় হ্যাট। এই বয়সেও তার চাবুক ফিগার, সিক্স প্যাক আর পেশিবহুল বাইসেপ দেখে থমকে গেছে নেটিজেনরা। তরুণ অভিনেতাদের অনায়াসে টেক্কা দেওয়া এই ছবি মুহূর্তেই ভাইরাল।
অন্য একটি ছবিতে মেঘলা আকাশ আর সবুজ পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে চোখ বন্ধ করে শান্ত প্রকৃতির হাওয়া উপভোগ করতে দেখা গেছে তাকে। এই সিনেমাটিক ফ্রেম যেন ভক্তদের মনে এক অদ্ভুত নস্টালজিয়া জাগিয়ে তুলেছে।
সালমান খানের পোস্ট করা ছবির চেয়েও নেটপাড়ায় বেশি শোরগোল ফেলেছে তার একটি রহস্যময় এক শব্দের ক্যাপশন—‘মাতৃভূমি’। ভক্তদের ধারণা, এটি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর দিকেই ইঙ্গিত। কমেন্ট বক্সে উপচে পড়ছে আবেগ আর কৌতূহল।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে, সালমানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ সেন্সর বোর্ডে আটকে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে ‘সালমান খান ফিল্মস’ এক অফিশিয়াল বিবৃতিতে সাফ জানিয়েছে, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডের কাছে সার্টিফিকেশনের জন্য জমাই দেওয়া হয়নি। তাই জটিলতার খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
অপূর্ব লাখিয়ার পরিচালনা এবং সালমা খানের প্রযোজনায় এ সিনেমাটি হতে যাচ্ছে বীরত্ব, দেশপ্রেম ও আবেগের এক অনন্য কোলাজ। এতে সালমানের সঙ্গী হচ্ছেন গ্ল্যামারাস চিত্রাঙ্গদা সিং। সব ঝড়ঝাপটা পেরিয়ে ভাইজানের এই রূপ যেন জানান দিচ্ছে—টাইগার জিন্দা হ্যায়। এখন শুধু অপেক্ষা, কবে থিয়েটারে আসবে ‘মাতৃভূমি’।