

একটি সুখী সম্পর্কের চাবিকাঠি কি কেবল বড় বড় উপহার বা জমকালো আয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, মোটেও না। বরং ছোট ছোট কিছু অভ্যাস বা ‘রিচুয়াল’ একটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী ও আনন্দময় করে তুলতে পারে। সম্পর্কের গবেষক এবং থেরাপিস্টদের মতে, সুখী দম্পতিরা প্রতি সপ্তাহে এমন কিছু কাজ করেন যা তাদের বন্ধনকে আরও দৃঢ় করে।
আপনার সম্পর্কের সতেজতা ধরে রাখতে প্রতি সপ্তাহে যে পাঁচটি কাজ করতে পারেন:
১. সম্পর্কের খোঁজখবর নেওয়া (রিলেশনশিপ চেক-ইন)
সুখী দম্পতিরা ঝগড়া বা বড় কোনো সমস্যার জন্য অপেক্ষা করেন না। তারা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি সময়ে বসে একে অপরের অনুভূতির খোঁজ নেন। থেরাপিস্টদের মতে, এই সময়ে দম্পতিরা আলোচনা করেন গত এক সপ্তাহে তাদের সম্পর্কের কোন দিকগুলো ভালো ছিল এবং কোথায় আরও উন্নতির সুযোগ আছে। এটি কেবল সমস্যা সমাধানের জন্য নয়, বরং একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সমর্থনের জায়গাটুকু নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী মাধ্যম।
২. একসাথে আনন্দ বা খেলায় মেতে ওঠা
খেলাধুলা বা নির্মল আনন্দ সম্পর্কের অন্তরঙ্গতা বাড়াতে জাদুর মতো কাজ করে। হতে পারে সেটি একসাথে কোনো মজার কাজ করা, রান্নার সময় নাচা কিংবা কাল্পনিক কোনো ছুটির পরিকল্পনা করা। গবেষণা বলছে, এই ধরনের চপলতা বা ‘প্লেফুলনেস’ মানসিক চাপ কমায় এবং একে অপরের সামনে নিজের আসল সত্তা প্রকাশের সুযোগ করে দেয়।
৩. পরস্পরকে কিছুটা ব্যক্তিগত সময় দেওয়া
একসাথে থাকা মানেই সারাক্ষণ একে অপরের সাথে সেঁটে থাকা নয়। সুখী দম্পতিরা জানেন কখন সঙ্গীকে কিছুটা ব্যক্তিগত সময় বা ‘স্পেস’ দিতে হয়। কখনও ভিন্ন ঘরে বসে আলাদা কাজ করা কিংবা বন্ধুদের সাথে আলাদাভাবে সময় কাটানো সম্পর্কের একঘেয়েমি দূর করতে সাহায্য করে। নিজের ব্যক্তিগত সত্তাকে গুরুত্ব দিলে সঙ্গীর কাছে আরও সতেজভাবে ফিরে আসা সম্ভব হয়।
৪. অর্থবহ ছোট ছোট অভ্যাস তৈরি করা
প্রতিদিনের রুটিনের বাইরেও সুখী দম্পতিরা কিছু ছোট কিন্তু অর্থবহ অভ্যাস গড়ে তোলেন। যেমন: রাতের খাবারের আগে একসাথে মোমবাতি জ্বালানো, বিশেষ কোনো স্মৃতিবিজড়িত খাবার রান্না করা কিংবা একসাথে কয়েক মিনিট নিরিবিলি বসে থাকা। এই অভ্যাসগুলো জটিল হওয়ার প্রয়োজন নেই; বরং এটি সঙ্গীর সাথে একাত্ম হওয়ার একটি সহজ উপায়।
৫. অন্তরঙ্গতাকে অগ্রাধিকার দেওয়া
শারীরিক ও মানসিক উভয় ধরনের অন্তরঙ্গতা সম্পর্কের জন্য অপরিহার্য। শুধু যৌন সম্পর্কই নয়, বরং সারাদিনের পর সঙ্গীর খোঁজ নেওয়া, গাড়িতে হাত ধরে বসে থাকা কিংবা হঠাৎ কোনো ছোট উপহার দিয়ে চমকে দেওয়া সম্পর্ককে সজীব রাখে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রতিদিন অন্তত কয়েক মিনিট লজিস্টিক বা সাংসারিক আলোচনার বাইরে আবেগীয়ভাবে একে অপরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন।
পরিশেষে, সবচেয়ে সুখী দম্পতিরা অসাধারণ কিছু করেন না, বরং তারা ছোট ছোট সাধারণ কাজগুলোই নিয়মিত করেন। প্রতি সপ্তাহে করা এই ছোট ছোট প্রচেষ্টাই দীর্ঘ মেয়াদে একটি সুখী ও স্থিতিশীল সম্পর্কের ভিত্তি তৈরি করে।
তথ্যসূত্র: ভেরিওয়েল মাইন্ড