

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।
পুলিশের শীর্ষ পদে রদবদল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি বলেন, কিছু পরিবর্তন তো আসবেই। পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ভাবমূর্তি পুনর্গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আদাবরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি।