

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
মঙ্গলবার (০৭ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি।