

পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের তিনটি প্রদেশে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু।
বুধবার (১০ জুন) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
মুজাহিদ বলেন, পাকিস্তানের বাহিনী আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এসব হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের সবাই নারী ও শিশু। তার অভিযোগ, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক লোকজনের বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে হামলায় জড়িত জঙ্গিদের ‘আশ্রয়স্থল ও অন্যান্য স্থাপনায়’ বিমান হামলা চালানো হয়েছে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান এবং তারা সেখান থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সশস্ত্র সহিংসতা তাদের অভ্যন্তরীণ সমস্যা।
নতুন করে শুরু হওয়া এই সহিংসতা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একসময়ের মিত্র এ দুই দেশ গত ফেব্রুয়ারিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছিল।
পরবর্তীতে মার্চ মাসে দুই দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে চীন।