

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন (রোববার) থেকে দেশের পাঁচটি শহরে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি শহরের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভিসা সেন্টারেও এই কার্যক্রম চালু করা হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন থেকে জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা আগের মতোই চালু থাকবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারতের ভিসা কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করা হয়। প্রায় ২১ মাস পর আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হলো।