

ভারতের দিল্লি থেকে অমৃতসরগামী একটি এয়ার ইন্ডিয়া উড়োজাহাজ অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, গত ২২ জুন রাতে একটি এয়ারবাস এ-৩২১ উড়োজাহাজ নিয়ে পাইলট অমৃতসরের দিকে এগোচ্ছিলেন। এ সময় রানওয়েতে পাখির আঘাতের একটি ঘটনার তদন্ত চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়।
অপেক্ষার সময় বিমানটি অবতরণের প্রস্তুতি নিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে রাত ১০টা ৮ মিনিটে স্বল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।
ডিজিসিএ এক বিবৃতিতে জানায়, রাডার ভেক্টরিংয়ের সময় বিমানটি সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। বিষয়টি পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়। পরে বিমানটি দিল্লিতে ফিরে গিয়ে নিরাপদে অবতরণ করে।
সংস্থাটি আরও জানায়, ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইট ক্রু ও অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং পাইলটকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া ঘটনাটির সত্যতা স্বীকার করে জানিয়েছে, ২২ জুন দিল্লি থেকে অমৃতসরগামী ফ্লাইট এআই৪৭৯ পরিচালনাকারী ক্রু অমৃতসর বিমানবন্দরে গো-অ্যারাউন্ড কৌশল প্রয়োগের সময় সামান্য পরিমাণে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন। বিষয়টি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় তিন মাইল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, ঘটনাটি এমন সময়ে ঘটে যখন অমৃতসরে অ্যাপ্রোচ সার্ভেইলেন্স সেবা চালু ছিল না। পরে বিমানটি আবার অবতরণের চেষ্টা করলেও জ্বালানি কমে যাওয়ায় সেটিকে দিল্লিতে ফেরত পাঠানো হয়।
বিমানটি রাত ১১টা ২৭ মিনিটে নিরাপদে দিল্লিতে অবতরণ করে। পরে পুনরায় সেটিকে অমৃতসরে পাঠানো হলে যাত্রা সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। পরে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতও হয়েছিল।
সূত্র : দ্য ইনডিপেনডেন্ট