

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কালবেলাকে তথ্যটি আব্দুল্লাহ আল মামুন নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আগামী সাপ্তাহে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেব আশা করি।’
এর আগে গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নানা কারণে তিনি সিলেটে যোগদান করতে পারেননি। ফলে নতুন করে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।