

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিল্পের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেছেন, দেশের শিল্প খাতকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে। শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না। তাই শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে।
তিনি জানান, বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয় বৈঠকেই সমাধান হয়েছে। আর যেগুলো এখনো বাকি রয়েছে, সেগুলো সরকার বিবেচনা করবে। তিনি বলেন, আমরা চাই আমাদের শিল্পগুলো ভালো করুক। অর্থনীতি দাঁড়াতে হলে শিল্প খাত ভালো করতে হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান অনেকটাই শিল্পের ওপর নির্ভর করছে। তাই ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ধারাবাহিক আলোচনা করতে হবে এবং সেগুলোর সমাধানে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ব্যবসা সহজ করতে সরকার এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডিরেগুলেশন) করেছে। এরপরও যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে সমাধান করা হবে।
বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। তাই বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজে দেখা হচ্ছে এবং এ ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও বিবেচনা করা হবে।
নতুন বাজেট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। হাস্যরসের সঙ্গে তিনি বলেন, তা আপনারাই বলবেন, আমি কীভাবে বলব।
রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। রেভিনিউ আদায় ইনশাআল্লাহ ভালো হবে। এনবিআরের সবাই প্রস্তুত। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়েছি, ইনশাআল্লাহ তা পূরণ হবে।
তবে রাজস্ব আদায়ে গঠিত টাস্কফোর্স সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।