

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে এবং শেষ পর্যন্ত ২৫৮টি আসনের সবগুলোতেই নির্বাচনী লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন কামনা করছে। এই নির্বাচন আগের তুলনায় কিছু ক্ষেত্রে ভালোভাবে চললেও বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ড আমাদের নেতাকর্মীদের মধ্যে শঙ্কা সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, বরগুনার একাধিক আসন, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত ও বিএনপির কর্মীদের হামলায় হাতপাখা প্রতীকের নেতাকর্মীরা আহত হচ্ছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে অপপ্রচার চালানো হচ্ছে যে হাতপাখার প্রার্থীরা নির্বাচন করছেন না। একই সঙ্গে অর্থ ছড়ানোসহ নানা অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি, যা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগমুহূর্তে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব অপপ্রচার করছে তারা মিথ্যুক এবং যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক। এদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, কোনো অপপ্রচারে কান না দিয়ে ভোটারদের সচেতন থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ, জাতি ও ধর্মের কল্যাণে নির্বাচনী লড়াই চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত ২৫৮টি আসনের সবগুলোতেই প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ।
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল সকালে জিকিরের সঙ্গে দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিতে।