

জুলাই বিপ্লবের চেতনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগামী ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা কর্মসূচি। এ উপলক্ষে বগুড়ায় যাচ্ছেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা।
বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য ও কর্মসূচির বিস্তারিত জানান জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ।
এমএসএ মাহমুদ জানান, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। প্রধান বক্তা থাকবেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি।
এছাড়াও উপস্থিত থাকবেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ ও গাজী সালাহউদ্দীন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য এ এম জেড শাহরিয়ার জুহিনসহ জেলা এনসিপির নেতারা।
তিনি আরও জানান, ১৪ জুলাই বিকেল ৩টায় দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস এলাকায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৭টায় বগুড়া শহরের কালিতলা হাট এলাকা থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে মূল পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি দত্তবাড়ী, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা, নবাববাড়ী রোড, রানার প্লাজা, জলেশ্বরীতলা ও ইয়াকুবিয়া স্কুল মোড় অতিক্রম করে সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভের সামনে পথসভার মাধ্যমে শেষ হবে।
বগুড়ায় রাত্রিযাপনের পর ১৫ জুলাই বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আরও একটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট এজাজ আল ওয়াসী, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শাহরিয়ার জুহিন এবং দলের অন্যান্য নেতাকর্মীরা।